Logo

চব্বিশের চেতনায় আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে: তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
১৯ নভেম্বর, ২০২৬, ১৪:৩৩
চব্বিশের চেতনায় আবারও ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে: তারেক রহমান
ছবি: সংগৃহীত

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবিলায় ২০২৪ সালের মতো আবারও সব গণতন্ত্রপন্থী মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের মানুষ আর গুম-খুন, ভোটাধিকার হরণ ও অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরে যেতে চায় না। জনগণের অধিকার ও দেশের স্বার্থ রক্ষায় সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। এই গোষ্ঠী অতীতে জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে ১৬ বছর জোর করে দেশ শাসন করেছে। ২০২৪ সালে যেভাবে বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারী শক্তিকে বিতাড়িত করেছিল, বর্তমান পরিস্থিতিতেও সেভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।

তিনি বলেন, ‘১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকারকে কেড়ে নিয়েছিল। ১৬ বছর তারা জনগণের ভোটের অধিকারকে কেড়ে নিয়েছিল। ১৪ সালের ভোট মনে আছে? ১৮ সালের ভোট মনে আছে? আমি-ডামির নির্বাচন মনে আছে?’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, বাংলাদেশের মানুষ আবারও এ ধরনের নির্বাচন দেখতে চায় কি না। তাঁর অভিযোগ, অতীতে নিশিরাতের নির্বাচন, ভোট দখল ও আমি-ডামির নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল।

তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়ন না করার প্রশ্ন

উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তারেক রহমান বলেন, দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকেও তিস্তা ব্যারাজের কাজ ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হয়নি। একইভাবে পদ্মা ব্যারাজ নির্মাণ, লালমনিরহাট অঞ্চলে গ্যাস সরবরাহ এবং ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগও নেওয়া হয়নি।

বিজ্ঞাপন

তিনি বলেন, এসব উন্নয়নকাজ কেন করা হয়নি, সেটি জনগণের কাছে বড় প্রশ্ন। তাঁর মতে, দেশের মানুষের প্রতি দরদ থাকলে এসব প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হতো।

বিদেশে অর্থ পাচারের অভিযোগ প্রধানমন্ত্রীর

অর্থ পাচারের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। ক্ষমতা ছেড়ে দেশত্যাগের পর আন্তর্জাতিক গণমাধ্যমেও এসব অর্থ পাচারের বিষয় উঠে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

তারেক রহমান বলেন, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা এখনো বিদেশে অবস্থান করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাঁর অভিযোগ, দেশের মানুষের স্বার্থ উপেক্ষা করে তারা সীমান্তের ওপারে থাকা নিজেদের প্রভুদের খুশি করতে তৎপর রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, ওই আন্দোলনের মধ্য দিয়ে মানুষের ভোটাধিকার ও বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছিল। গুম-খুনের রাজনীতি বন্ধের প্রত্যাশাও তৈরি হয়েছিল। কিন্তু একটি গোষ্ঠী আবারও এসব অধিকার কেড়ে নিতে চায়।

তিনি বলেন, ‘তাদেরকে কি আবার গুম-খুনের রাজনীতি করার পারমিশন আপনারা দেবেন? ভোটের অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আপনারা দেবেন? মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি আবার দেবেন তাদেরকে?’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাম্প্রতিক সহিংসতার প্রসঙ্গ উল্লেখ করে তারেক রহমান অভিযোগ করেন, ক্ষমতায় থাকাকালে মানুষের সম্পত্তি লুটপাট ও নির্যাতন করা হয়েছিল। দেশত্যাগের পরও একটি গোষ্ঠী অগ্নিসন্ত্রাস ও হত্যার রাজনীতি চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতা ধরে রাখতে শেষ সময়ে ১ হাজার ৪০০ মানুষ এবং ৬০টি শিশুকে হত্যা করা হয়েছে। যারা ক্ষমতায় টিকে থাকার জন্য মানুষ হত্যা করে, তাদের দেশের জনগণের প্রতি কোনো দায়িত্ববোধ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি ও উন্নতি চায়। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন

নিজেদের সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, তাঁরা সংঘাত ও সহিংসতার রাজনীতি নয়, বরং কৃষি, শিল্প, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের রাজনীতি করতে চান।

তিনি বলেন, ‘আমরা খাল খননের রাজনীতি করতে চাই। আমরা চাই আমাদের দেশের কলকারখানাগুলোকে সঠিকভাবে গড়ে তুলতে এবং দেশে উৎপাদন বাড়াতে। আমরা চাই ফসলের উৎপাদন বাড়াতে।’

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং দেশের মানুষের জন্য মানসম্মত শিক্ষার ব্যবস্থা করাও সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

লালমনিরহাটের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও একই অবস্থান ধরে রাখার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, দেশের সব গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে যথাযথ জবাব দিতে হবে, যাতে কেউ ভবিষ্যতে জনগণের অধিকার ও দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।

তিনি আরও বলেন, ‘আমাদের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে পদ্মা ব্যারেজ বাস্তবায়ন করা, আমাদের রাজনীতি হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করা।’

বিজ্ঞাপন

সবশেষে ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে প্রস্তুত হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD