লকডাউনেও স্বাভাবিক যান চলাচল, সতর্ক অবস্থানে পুলিশ-বিএনপি নেতাকর্মীরা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল পর্যন্ত রাজধানীসহ দেশের প্রধান মহাসড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার বাস নির্ধারিত সময়েই বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাচ্ছে এবং দেশের বিভিন্ন জেলা থেকেও ঢাকায় প্রবেশ করছে পরিবহন।
বিজ্ঞাপন
রাজধানীর গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে নিয়মিতভাবে দূরপাল্লার বাস চলাচল করছে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-বরিশাল ও ঢাকা-সিলেট মহাসড়কেও যান চলাচলে বড় ধরনের বিঘ্ন দেখা যায়নি। পদ্মা সেতু ও যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।
সম্ভাব্য নাশকতা ও সহিংসতা ঠেকাতে ঢাকা এবং আশপাশের জেলাগুলোতে পুলিশ, র্যাব, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে। বুধবার রাত থেকেই নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়। পাশাপাশি বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন।
রাজধানীর মিরপুর, শাহবাগসহ গুরুত্বপূর্ণ এলাকা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে বুধবার রাতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক অবস্থান ও বিক্ষোভ করতে দেখা যায়। কাকরাইল মোড়ে ককটেল বিস্ফোরণের সময় একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটে।
বিজ্ঞাপন
ঢাকার অভ্যন্তরীণ সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের কোনো অচলাবস্থা তৈরি হয়নি। তবে রাজধানীর বাইরে কয়েকটি এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল নিক্ষেপ ও সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির খবর পাওয়া গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
শ্যামলী পরিবহনের সায়েদাবাদ কাউন্টারের ব্যবস্থাপক কবির হোসেন খান বৃহস্পতিবার সকাল ৯টায় ইনকিলাবকে জানান, বুধবার রাতে তাদের বাসগুলো নির্ধারিত সময়েই দেশের বিভিন্ন জেলা ও কলকাতার উদ্দেশে ছেড়ে গেছে। একইভাবে বিভিন্ন জেলা থেকেও বাস নিরাপদে ঢাকায় পৌঁছেছে।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর ৬টায় বরিশাল থেকে ছেড়ে আসা প্রথম বাসটি সকাল সাড়ে ৮টার পর সায়েদাবাদে পৌঁছায়। তবে সকাল ৭টার পর ছেড়ে আসা একটি বাস ভাঙ্গার ছাগলছিড়া এলাকায় যানজটে আটকে পড়ে। ওই এলাকার সড়কের কয়েকটি স্থানে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করা হয়েছে। এ কারণে কিছু বাস বিকল্প ও বাইপাস সড়ক ব্যবহার করে চলাচল করছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, গাবতলী থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তবে একটি পরিবহনের ব্যবস্থাপকের দাবি, উত্তরাঞ্চলের দুটি বাসে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে। এর আগে গাজীপুরের চান্দুরায় দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
বুধবার রাতে নাটোরের নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে একটি বাসে আগুন ও ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। একই রাতে গৌরনদীতে একটি বাস লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ এবং বরগুনার আমতলীতে একটি গাড়িতে ককটেল ছোড়ার ঘটনাও ঘটেছে।
ফরিদপুর থেকে ঢাকাগামী যাত্রী শাহাদাৎ হোসেন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ভাঙ্গা এলাকায় পৌঁছালে সড়কে গাছের গুঁড়ি ফেলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে বিএনপির নেতাকর্মীরা এসে প্রতিবন্ধকতা সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর বাসটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
বিজ্ঞাপন
তিনি বলেন, সড়কে এমন পরিস্থিতিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। তবে শেষ পর্যন্ত পদ্মা সেতু হয়ে নিরাপদেই ঢাকায় পৌঁছেছেন তিনি।
পরিবহন সংশ্লিষ্ট এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শ্রমিকদের অজুহাত দেখিয়ে একটি পরিবহন প্রতিষ্ঠান বাস চলাচল বন্ধ রাখার চেষ্টা করছে। তার দাবি, ওই প্রতিষ্ঠানের মালিক আওয়ামী লীগ সমর্থক। গোপালগঞ্জ ও আশপাশের সড়ক ব্যবহারকারী কিছু বাস ফরিদপুর এলাকায় যানজটে আটকা পড়েছে। বিভিন্ন স্থানে গাছের টুকরো ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হলেও বিকল্প পথে অনেক বাস ঢাকায় ফিরছে।
তিনি আরও জানান, সিলেট, কুমিল্লা ও নওগাঁসহ বিভিন্ন মহাসড়কেও সড়ক অবরোধের চেষ্টা করা হয়েছিল। তবে বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
এদিকে, সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশের সর্বোচ্চ সতর্কতার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি বলেন, গোয়েন্দা তথ্য ও সম্ভাব্য নাশকতার পরিকল্পনা বিবেচনায় নিয়ে গুরুত্বপূর্ণ প্রতিটি পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক রাখা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ পেশাদারিত্ব ও কঠোরতার সঙ্গে দায়িত্ব পালন করছে।
আইজিপি আরও জানান, যানবাহন ভাঙচুর কিংবা ককটেল বিস্ফোরণের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, এসআরবি ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। গোয়েন্দা সংস্থার সদস্যরাও বিভিন্ন এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজরদারি চালাচ্ছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেন, অগ্নিসংযোগ ও সহিংসতার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হচ্ছে। নিষিদ্ধ ঘোষিত দলের কোনো ধরনের লকডাউন বা বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না।
এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ জানান, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি সুরক্ষায় তাদের বাহিনী প্রস্তুত রয়েছে। যেকোনো উসকানি ও নাশকতা মোকাবিলায় সদস্যরা কাজ করছেন। কোনো গোষ্ঠীকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ দেওয়া হবে না বলেও জানান তিনি।
এদিকে, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশের সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজিবি সদস্যরা জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও স্পর্শকাতর এলাকায় বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি।
বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তির সহায়তায় মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ ব্যবহার করা হচ্ছে। সব মিলিয়ে লকডাউন কর্মসূচিকে ঘিরে জনমনে উদ্বেগ থাকলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজধানী ও প্রধান মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে।








