আওয়ামী লীগের লকডাউনেও কর্মব্যস্ত ঢাকা, সড়কে চিরচেনা সেই যানজট

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির তেমন কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই নগরীর বিভিন্ন এলাকায় স্বাভাবিক ছিল জনজীবন। সড়কে যানবাহন চলাচল, অফিস-আদালতের কার্যক্রম এবং সাধারণ মানুষের দৈনন্দিন চলাফেরা অন্যান্য দিনের মতোই অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
সকাল থেকে মিরপুর, গুলশান, বনানী, হাতিরঝিল, তেজগাঁও ও শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মানুষের উপস্থিতি চোখে পড়েছে। গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি ও রিকশা চলাচল করেছে স্বাভাবিক নিয়মে। কর্মজীবী মানুষকে নিজ নিজ কর্মস্থলে এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা গেছে।
তবে সকালে ঝিরিঝিরি বৃষ্টি ও শীতল আবহাওয়ার কারণে সড়কে যানবাহনের চাপ কিছুটা কম ছিল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ির সংখ্যা বাড়তে থাকে। নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহনের চাপ বেড়ে যানজটের সৃষ্টি হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
গুলশান এলাকার ট্রাফিক পরিদর্শক আ. বহমান জানান, দিনের শুরুতে সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে অন্যান্য দিনের মতোই ট্রাফিক পুলিশকে যানবাহনের চাপ সামলাতে হচ্ছে।
এদিকে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের উপস্থিতিও ছিল স্বাভাবিক। লকডাউন কর্মসূচির কারণে শিক্ষা কার্যক্রমে কোনো দৃশ্যমান বিঘ্ন ঘটেনি।
বিজ্ঞাপন
অন্যদিকে, সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে পুলিশ সূত্র জানিয়েছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে।
প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সব মিলিয়ে রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা সতর্কতা থাকলেও ঢাকার সড়ক, যানবাহন চলাচল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।








