Logo

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ অক্টোবর, ২০২৬, ১৭:২৫
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
ছবি: সংগৃহীত

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটি ৫৫ লাখ টাকা ব্যয়ের ১৩টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ৬০০ কোটি ৮০ লাখ টাকা, প্রকল্প ঋণ ৪ হাজার ৮১ কোটি ৮৫ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৫২৪ কোটি ৯১ লাখ টাকা।

বিজ্ঞাপন

বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ১০টি নতুন, দুটি সংশোধিত এবং একটি মেয়াদ বৃদ্ধির প্রকল্প।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, মহিলা ও সমাজকল্যাণ মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন, ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একনেকের অনুমোদন পাওয়া ১৩ প্রকল্পের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে রয়েছে সাতটি প্রকল্প। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন পাঁচটি অঞ্চলের ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প রয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া রংপুর সিটি করপোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন এবং ক্ষতিগ্রস্ত সড়ক পুনর্বাসন, গাজীপুর সিটি করপোরেশনের ১ থেকে ৮ নম্বর জোনে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে।

নারীদের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সমবায়ের মাধ্যমে নারী স্বাবলম্বিতা অর্জনের একটি প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি সিরাজগঞ্জ, বগুড়া ও নওগাঁ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় পর্যায় ও দ্বিতীয় সংশোধনীর অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরিবহন ও যোগাযোগ খাতেও কয়েকটি বড় প্রকল্প অনুমোদন পেয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য ৩৫টি বাণিজ্যিক ও আটটি সহায়ক জলযান সংগ্রহ এবং দুটি নতুন স্লিপওয়ে নির্মাণসংক্রান্ত তৃতীয় সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বাড়াতে ৩০টি মিটারগেজ ডিজেল-ইলেকট্রিক লোকোমোটিভ সংগ্রহের অনুমোদন দিয়েছে একনেক। এ ছাড়া পঞ্চগড়ের ভজনপুর-আটোরখাড়ি-ময়দানগুড়ি-আমতলী-মিরগড়-পঞ্চগড় সড়কের ১৫তম কিলোমিটারে দ্বিতীয় করতোয়া সেতু নির্মাণ প্রকল্প অনুমোদন করা হয়েছে।

পার্বত্য এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে থানচি-রেমাক্রি-মদক-লিকরি সড়ক নির্মাণ প্রকল্পের দ্বিতীয় সংশোধনীরও অনুমোদন দেওয়া হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে রামপালে ৪৪২ মেগাওয়াট পিক সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প অনুমোদন পেয়েছে। পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ খাতের সক্ষমতা বৃদ্ধিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া ফ্রান্সের প্যারিসে কেনা চ্যান্সারি ভবন ব্যবহারের উপযোগী করা, সংস্কার ও আধুনিকায়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

সভা শেষে সহকারী সচিব মোহাম্মদ আলীর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিকল্পনা মন্ত্রী ইতোমধ্যে অনুমোদন দেওয়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের জয়পুরহাট জেলার নন্দাহার, হারাবতী নদী, নুনগোলা খাল ও খাড়োয়া খাল পুনঃখনন প্রকল্প সম্পর্কেও একনেক কমিটিকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD