Logo

বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১১:৩১
বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম
ছবি: সংগৃহীত

রাজধানীর আলোচিত শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছেছিলেন তিনি।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে রোববার দিবাগত রাতে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়ার এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। বিভিন্ন সময়ে তাঁর বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে। এর মধ্যে নয়টি হত্যা মামলা বলে জানা গেছে।

চারদলীয় জোট সরকারের আমলে ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় তাঁর নাম ছিল। নব্বইয়ের দশকে রাজধানীর অপরাধজগতের আলোচিত নাম হয়ে ওঠেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

১৯৮৬ সালে ফার্মগেটের পূর্ব রাজাবাজারে একটি স্কুলের সামনে মায়ের হাত ধরে থাকা কিশোর শাকিলকে গুলি করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পরবর্তী সময়ে একের পর এক হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার অভিযোগে আলোচনায় আসেন তিনি। একপর্যায়ে কিছুদিন সুইডেনে অবস্থান করেন। সেখান থেকে দেশে ফেরার পর তাঁর নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়।

২০০৫ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তারের পর তাঁকে বিভিন্ন কারাগারে রাখা হয়। পরবর্তী সময়ে ২০১৪ সাল থেকে তিনি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। কারাগারে তাঁর হাজতি নম্বর ছিল ৬৬৩/২০।

দীর্ঘ কারাবাসের পর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান নব্বইয়ের দশকের আলোচিত এই শীর্ষ সন্ত্রাসী। এবার বিদেশযাত্রার সময় রাজধানীর বিমানবন্দর থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করল পুলিশ।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD