Logo

একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:০৮
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
ফাইল ছবি

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়।

বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৮২ কোটি ২৮ লাখ টাকা।

১৩টি প্রকল্পের মধ্যে আটটি নতুন, তিনটি সংশোধিত এবং দুটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব রয়েছে। স্বাস্থ্য, পানিসম্পদ, স্থানীয় সরকার, ভূমি, বিমানবন্দর, বিদ্যুৎ ও জ্বালানি এবং স্বরাষ্ট্র খাতসহ বিভিন্ন ক্ষেত্রে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে বাংলাদেশে যক্ষ্মা, এইচআইভি/এইডস ও ম্যালেরিয়া মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যব্যবস্থা জোরদার এবং পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রথম সংশোধন।

পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশনব্যবস্থার উন্নয়ন। এ প্রকল্পে মুসাপুর রেগুলেটর নির্মাণও অন্তর্ভুক্ত রয়েছে। আরেকটি প্রকল্পের আওতায় ভোলা সদর ও দৌলতখান উপজেলার শিবপুর, ধনিয়া ও মেদুয়া এলাকা মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

এ ছাড়া রংপুর বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ীর গ্রামীণ অবকাঠামো উন্নয়নের প্রকল্প অনুমোদন পেয়েছে।

ভূমি ব্যবস্থাপনা খাতে তিনটি সিটি করপোরেশন, একটি পৌরসভা ও দুটি গ্রামীণ উপজেলায় ডিজিটাল ভূমি জরিপের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনা ব্যবস্থা স্থাপনের প্রকল্পের দ্বিতীয় সংশোধন অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আওতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের প্রথম পর্যায়ের তৃতীয় সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে র‍্যাবের কারিগরি ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির প্রকল্পের দ্বিতীয় সংশোধনও অনুমোদিত হয়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি খাতে ফেনীর সোনাগাজীতে সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ এবং তিন পার্বত্য জেলায় বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণের দুটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৫টি প্রকল্প পরিকল্পনামন্ত্রীর নিজস্ব ক্ষমতাবলে অনুমোদনের বিষয়ে একনেক সভাকে অবহিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে শিক্ষা অবকাঠামো, পানি সরবরাহ ও স্যানিটেশন, নদীভাঙন প্রতিরোধ, বিদ্যুৎ, সড়ক উন্নয়ন এবং নাগরিক সেবা সম্প্রসারণের বিভিন্ন উদ্যোগ রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD