Logo

এভিয়েশন-রোবোটিকসে তরুণদের দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগ সরকারের

profile picture
জেলা প্রতিনিধি
১৯ নভেম্বর, ২০২৬, ২১:০৫
এভিয়েশন-রোবোটিকসে তরুণদের দক্ষতা বাড়াতে নতুন উদ্যোগ সরকারের
ছবি: সংগৃহীত

লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের (এএইউবি) ক্যাম্পাসে শুরু হয়েছে দুই দিনব্যাপী প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব এখন চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রবেশ করছে। আগামী দিনের অগ্রগতিতে বিজ্ঞান ও প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ক্ষেত্রে পিছিয়ে থাকার অর্থ নিজেদের পাশাপাশি দেশকেও পিছিয়ে রাখা।

তিনি বলেন, বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিতে দক্ষ ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে হবে। শুধু বিমান চালনা বা পরিচালনা নয়, প্রয়োজনীয় পরিবেশ, সুযোগ ও সহযোগিতা পেলে দেশের তরুণেরা একদিন আকাশ ও মহাকাশ প্রযুক্তিতেও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন। আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, দেশের একমাত্র বিশেষায়িত অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাটে প্রতিষ্ঠিত হয়েছে। এর শিক্ষা, গবেষণা ও প্রযুক্তিগত কার্যক্রম আরও সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ ও বিশেষ সহযোগিতার জন্য তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা বাড়লে ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষায়িত জ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন অনুষ্ঠানে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং এএইউবির উপাচার্যের অনুরোধের পরিপ্রেক্ষিতে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের অ্যাভিয়েশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীনে জেনারেল অ্যাভিয়েশন বিভাগ চালুর অনুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে এ বিভাগের অধীনে অ্যারোনটিকস বিষয়ে স্নাতক (বিএসসি) প্রোগ্রাম চালুর অনুমোদনও দেওয়া হয়েছে। এ ঘোষণায় অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

আরও পড়ুন

•

বিজ্ঞাপন

•

•

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন ও রোবোটিকস প্রযুক্তিতে আগ্রহী তরুণদের জন্য প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম তৈরি করা। পাশাপাশি শিক্ষার্থী, গবেষক ও উদ্ভাবকদের মধ্যে জ্ঞান বিনিময় এবং সহযোগিতার সুযোগ বাড়ানো। সম্ভাবনাময় উদ্ভাবকদের বিশ্ববিদ্যালয়ের আধুনিক গবেষণাগার ও প্রযুক্তিগত সুবিধা ব্যবহারের সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। ভবিষ্যতে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের এ প্রতিযোগিতার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

বিজ্ঞাপন

এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ৭৪টি দলের মোট ২৯৬ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। চারটি বিভাগে অনুষ্ঠিত হচ্ছে প্রতিযোগিতা। এর মধ্যে রোটরক্রাফট বিভাগে ১৬টি দলের ৬৯ জন, ফিক্সড উইং বিভাগে ১৭টি দলের ৮০ জন, সকার বট বিভাগে ৩৭টি দলের ১১৭ জন এবং স্পেস রোবোটিকস বিভাগে চারটি দলের ৩০ জন প্রতিযোগী রয়েছেন।

আয়োজকদের প্রত্যাশা, এ প্রতিযোগিতা কেবল বিজয়ী নির্বাচনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং তরুণ উদ্ভাবকদের প্রতিভা বিকাশ, পারস্পরিক যোগাযোগ এবং গবেষণার সঙ্গে নতুন ধারণার সংযোগ তৈরিতে ভূমিকা রাখবে। একই সঙ্গে অ্যাভিয়েশন, অ্যারোস্পেস, ড্রোন, রোবোটিকস ও মহাকাশ প্রযুক্তিতে দেশের নিজস্ব সক্ষমতা বাড়ানো এবং ভবিষ্যৎ শিল্প ও কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতেও এ আয়োজন সহায়ক হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD