Logo

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আগামীকাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ২০:৫১
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন আগামীকাল
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) ৬২ বছরে পদার্পণ করবেন। ১৯৬৫ সালের ২০ নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাঁর রাজনৈতিক পথচলা, শিক্ষাজীবন এবং রাষ্ট্র পরিচালনায় নেওয়া বিভিন্ন উদ্যোগ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিজ্ঞাপন

শৈশব থেকেই সাধারণ ও অনাড়ম্বর পরিবেশে বেড়ে ওঠেন তারেক রহমান। তাঁর বাবা জিয়াউর রহমান ছিলেন কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন ব্যক্তি। পারিবারিক জীবনেও সাদামাটা জীবনযাপনকে বিশেষ গুরুত্ব দেওয়া হতো।

শিক্ষাজীবনের শুরুতে তাঁকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করানো হয়। সে সময় প্রতিষ্ঠানটি ইংরেজি মাধ্যমের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল এবং সেখানে সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। এখান থেকে কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন তিনি।

পরবর্তী সময়ে দেশের অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তারেক রহমান। সেখানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্নাতক পর্যায়ে পড়াশোনা করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার ও কার্ল মার্কসের মতো দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদদের দর্শন নিয়ে অধ্যয়ন করেন।

বিজ্ঞাপন

তাঁর বিশ্ববিদ্যালয়জীবনের সময় দেশে স্বৈরাচারবিরোধী আন্দোলন চলছিল। মা বেগম খালেদা জিয়া তখন হুসেইন মুহম্মদ এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। রাজনৈতিক সেই পরিবেশ তারেক রহমানের মধ্যেও রাজনীতির প্রতি আগ্রহ তৈরি করে।

রাজনীতিতে যাত্রা ও সাংগঠনিক ভূমিকা

১৯৮৮ সালে আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন তারেক রহমান। বগুড়ার গাবতলী উপজেলায় তাঁর পৈতৃক এলাকায় এই রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন।

বিজ্ঞাপন

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে ভূমিকা রাখেন তিনি। দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে বেগম খালেদা জিয়ার পাঁচটি আসনের নির্বাচনি প্রচার কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন। ওই পাঁচটি আসনেই খালেদা জিয়ার বিজয় তাঁর সাংগঠনিক দক্ষতার পরিচয় হিসেবে বিবেচিত হয়।

পরবর্তী সময়ে রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হন তারেক রহমান। বিশেষ করে ২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হন তিনি। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। তবে এসব পরিস্থিতি তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তন করতে পারেনি বলে তাঁর রাজনৈতিক জীবনীতে উল্লেখ করা হয়েছে।

দীর্ঘ নির্বাসন শেষে দেশে প্রত্যাবর্তন

বিজ্ঞাপন

দীর্ঘ সময় দেশের বাইরে থাকার পর গত বছরের ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফেরেন তারেক রহমান। তাঁর প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

রাষ্ট্রের বিভিন্ন খাতে কাঠামোগত পরিবর্তনের লক্ষ্যে তাঁর ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার পরিকল্পনা বিএনপির রাজনৈতিক কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। এতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচনব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো সংস্কারের বিভিন্ন প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়।

এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে উভয় আসনেই বিজয়ী হন তিনি। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

বিজ্ঞাপন

সরকারের বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তাঁর সরকার অর্থনীতি, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন খাতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আদায়ে তৎপরতা বাড়ানোর কথা তুলে ধরা হয়েছে। এর ফলে খেলাপি ঋণের হার ৩৫ দশমিক ৭৩ শতাংশ থেকে কমে ৩২ দশমিক ৭৮ শতাংশে নেমে এসেছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।

বিজ্ঞাপন

বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধের ক্ষেত্রেও সরকারের উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করা হয়েছে।

রপ্তানি খাতে যুক্তরাষ্ট্রসহ অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির তথ্য তুলে ধরা হয়েছে। একই সঙ্গে মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মান শক্তিশালী হওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক সহায়তার জন্য মাসে ২ হাজার ৫০০ টাকা প্রদানের লক্ষ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নেওয়া হয়েছে। কৃষকদের কৃষি উপকরণ, ঋণ ও সরকারি সেবা সহজলভ্য করতে চালু করা হয়েছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি। এ ছাড়া প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কৃষিঋণ এবং সংশ্লিষ্ট সুদ মওকুফের উদ্যোগের কথাও প্রতিবেদনে রয়েছে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য খাতে হেলথ কার্ড চালু এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষা ও সামাজিক কল্যাণে গুরুত্ব

শিক্ষা খাতে স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ, প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা দেওয়ার উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

পাশাপাশি শিক্ষাক্রমে নতুন বিষয় অন্তর্ভুক্তি, শিক্ষার্থীদের সংসদ অধিবেশন প্রত্যক্ষ করার সুযোগ এবং ক্রীড়া ও উদ্ভাবন প্রতিযোগিতার আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষকদের পাওনা পরিশোধে ২ হাজার কোটি টাকা ছাড়ের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ধর্মীয় কল্যাণের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় নেতাদের জন্য সম্মানী ভাতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ সুরক্ষায় দেশব্যাপী খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রবাসীদের সেবা ও কল্যাণ নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগও রয়েছে।

এ ছাড়া ধর্মীয় উৎসবগুলো নির্বিঘ্নে উদযাপনের জন্য নিরাপত্তা, বরাদ্দ বৃদ্ধি ও অতিরিক্ত ছুটির ব্যবস্থা নেওয়ার বিষয়টি সরকারের উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

ব্যয় সংকোচন ও জবাবদিহিমূলক প্রশাসন

সরকারি ব্যয়ে মিতব্যয়িতা নিশ্চিত করতে অপ্রয়োজনীয় খরচ কমানো, সরকারি যানবাহন কেনায় বিধিনিষেধ আরোপ এবং বিদেশ সফর ও প্রশিক্ষণ কর্মসূচি সীমিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর চলাচলের সময় সীমিত গাড়িবহর ব্যবহার এবং দীর্ঘ সময় সড়ক বন্ধ না রাখার নীতিও আলোচনায় এসেছে। এসব পদক্ষেপকে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহারের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

সংসদীয় গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদে প্রশ্নোত্তর, আলোচনা এবং প্রাতিষ্ঠানিক নজরদারির কার্যক্রম আরও দৃশ্যমান করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তির উদ্যোগকে সংসদীয় কার্যক্রম সচল করার অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।

বহুত্ববাদী ও জলবায়ু সহনশীল বাংলাদেশের স্বপ্ন

তারেক রহমানের রাজনৈতিক দর্শনে বহুত্ববাদী বাংলাদেশ প্রতিষ্ঠার বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর স্বপ্নের ‘রেইনবো নেশন’ ধারণায় ধর্ম, বর্ণ ও মতপার্থক্য নির্বিশেষে সব নাগরিকের শান্তি, সম্প্রীতি, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

একই সঙ্গে মেধাভিত্তিক সমাজ গঠন, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি এবং বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থানে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বৈশ্বিক উষ্ণতা রোধে আন্তর্জাতিক সহযোগিতা এবং জলবায়ু সহনশীল বাংলাদেশ গড়ে তোলার বিষয়টিও তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ।

রাজনৈতিক জীবনের দীর্ঘ পথ পেরিয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমানের সামনে এখন বড় চ্যালেঞ্জ হচ্ছে এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে কার্যকর জবাবদিহি প্রতিষ্ঠা করা। তাঁর জন্মদিনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তাই ব্যক্তিগত জীবনের পাশাপাশি সরকার পরিচালনার সাফল্য, সীমাবদ্ধতা ও ভবিষ্যৎ প্রত্যাশাও আলোচনায় আসছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD