এনাফ ইজ এনাফ, যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশের মানুষ আর অগ্নিসন্ত্রাস, গুম ও খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অতীতে যারা সন্ত্রাস, অগ্নিসংযোগ ও হত্যার রাজনীতি করেছে, তাদের আর সেই সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এসব অপরাজনীতির বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন সরকারপ্রধান।
বিজ্ঞাপন
দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টাকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।’
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে দিনব্যাপী তিনটি পৃথক কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তারেক রহমান।
দিনের কর্মসূচির মধ্যে ছিল সকালে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধন, দুপুরে মহেন্দ্রনগরে পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বিকেলে ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময়।
বিজ্ঞাপন
দুপুরে মহেন্দ্রনগরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, তাঁরা এমন রাজনীতি প্রতিষ্ঠা করতে চান, যার মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। খাল খনন, শিল্প-কলকারখানা স্থাপন, উৎপাদন বৃদ্ধি, কৃষির উন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই তাঁদের রাজনৈতিক লক্ষ্য।
লালমনিরহাটবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এ জেলার মানুষ বরাবরই গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও তারা একই অবস্থান বজায় রাখবে বলে প্রত্যাশা করেন তিনি। একই সঙ্গে দেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
আওয়ামী লীগের ষড়যন্ত্রের অভিযোগ প্রধানমন্ত্রীর
বিজ্ঞাপন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করে তারেক রহমান বলেন, ১৬ বছর ধরে যারা জনগণের বুকে বন্দুক তাক করে ক্ষমতায় ছিল, তারা আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশের প্রভুদের খুশি করতে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালানো হচ্ছে।
তিনি বলেন, ছাত্র-জনতা জীবন দিয়ে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের প্রত্যাশা প্রতিষ্ঠা করেছে, সেই অধিকার আবারও কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
দেশের স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের ভাগ্য নিয়ে কেউ যাতে ছিনিমিনি খেলতে না পারে, সে জন্য সন্ত্রাস ও হত্যার রাজনীতির সমুচিত জবাব দিতে হবে।
বিজ্ঞাপন
অর্থপাচারের প্রসঙ্গ তুলে তারেক রহমান অভিযোগ করেন, বিগত সময়ে প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশের দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের সম্পদ বিদেশে নিয়ে গিয়ে একটি গোষ্ঠী আরাম-আয়েশে জীবনযাপন করেছে। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণের চেয়ে নিজেদের ব্যক্তিগত স্বার্থকেই তারা বেশি গুরুত্ব দিয়েছে।
তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের লক্ষ্য
এর আগে সকাল ১০টায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশের আয়োজনে প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
বিজ্ঞাপন
এ সময় দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো এবং তরুণ প্রজন্মের উদ্ভাবনী প্রতিভাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তারেক রহমান বলেন, আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করবে বাংলাদেশ। এ লক্ষ্য অর্জনে বিদেশি প্রযুক্তির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশের তরুণদের মেধা, উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগানো হবে।
৬৩ জেলায় ছড়িয়ে দিতে চান ‘আলোকিত লালমনিরহাট’
বিজ্ঞাপন
দিনের শেষ কর্মসূচিতে বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় সংগঠনটির বিভিন্ন সামাজিক ও ইতিবাচক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। একই সঙ্গে এ উদ্যোগ দেশের বাকি ৬৩ জেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
তারেক রহমান বলেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতায় তিনি দেখেছেন, সব সমস্যার সমাধান শুধু আইনের মাধ্যমে সম্ভব নয়। সামাজিক সংগঠনের মাধ্যমে মানুষ ঐক্যবদ্ধ হয়ে অনেক সমস্যার সমাধান করতে পারে। তাঁর মতে, ‘আলোকিত লালমনিরহাট’ যে ইতিবাচক উদ্যোগ নিয়েছে, তা দেশের প্রতিটি জেলায় ছড়িয়ে দেওয়া প্রয়োজন।
সংগঠনটির সভাপতি ও জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর দিনব্যাপী এসব কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবীব দুলু, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এবং রংপুর বিভাগের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সরকারি কর্মসূচি শেষে বিকেলে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।








