Logo

মিয়ানমারে ক্লিনিক-স্কুলে বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২ নভেম্বর, ২০২৬, ২০:২৭
মিয়ানমারে ক্লিনিক-স্কুলে বিমান হামলা, নবজাতকসহ নিহত ১৫
ছবি: সংগৃহীত

মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় এক নবজাতকসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দেশটির একটি প্রসূতি ক্লিনিক ও স্কুলে এসব হামলা চালানো হয় বলে সোমবার স্থানীয় একটি জাতিগত সশস্ত্র গোষ্ঠী, ত্রাণকর্মী ও একাধিক মানবাধিকার সংস্থা জানিয়েছে।

বিজ্ঞাপন

বহু বছর বিচ্ছিন্ন থাকার পর আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে মিয়ানমারের ক্ষমতাসীন সরকার। একই সময়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছ থেকে হারানো ভূখণ্ড পুনর্দখলে সামরিক অভিযান জোরদার করেছে দেশটির সেনাবাহিনী। স্থানীয়দের ভাষ্য, এই পরিস্থিতির মধ্যেই হামলার ঘটনাগুলো ঘটেছে। মিয়ানমারের বিস্তীর্ণ এলাকা বর্তমানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে।

হামলার বিষয়ে জানতে যোগাযোগ করা হলেও সেনাবাহিনী-সমর্থিত সরকারের একজন মুখপাত্র তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। এর আগে সরকার বলেছিল, স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বৈধ অভিযান চালানো হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রোববার পশ্চিম রাখাইন রাজ্যের চারটি শহরে বিমান হামলা চালায় মিয়ানমারের সামরিক বাহিনী। রাজ্যের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ নেওয়া আরাকান আর্মি রাজধানী সিত্তের কাছাকাছি পৌঁছে যাওয়ায় কয়েক সপ্তাহ ধরে সেখানে সংঘর্ষ তীব্র হয়েছে।

বিজ্ঞাপন

আরাকান আর্মির এক মুখপাত্র ও একজন ত্রাণকর্মী জানিয়েছেন, কিয়াকতাওয়ের একটি সেতু, কিয়াকফিউ ও পাউকতাওয়ের বিভিন্ন এলাকা এবং আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা ম্রাউক-ইউ শহরের একটি অস্থায়ী ক্লিনিক ও প্রসূতি বিভাগে হামলা চালানো হয়। এতে অন্তত ১২ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন।

ম্রাউক-ইউভিত্তিক ত্রাণকর্মী ওয়াই হুন অং জানান, হামলায় এক সপ্তাহ বয়সী একটি শিশুকন্যা মারা গেছে। শিশুটির যমজ বোন বেঁচে আছে। পরদিন ক্লিনিক থেকে তাদের বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু বিস্ফোরণে ভবনটি ধসে পড়লে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়।

ওয়াই হুন অং আরও বলেন, ওই ক্লিনিকে হামলায় স্বাস্থ্যকর্মীসহ আরও চারজন প্রাণ হারিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে থাইল্যান্ড সীমান্তবর্তী কায়াহ রাজ্যের লোইকাও শহরের একটি স্কুলে শনিবার বিমান হামলা চালায় মিয়ানমারের সেনাবাহিনী। ক্লাস চলার সময় হামলায় তিন শিক্ষার্থী নিহত এবং পাঁচজন আহত হয়েছে বলে সোমবার জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংস্থা কারেনি হিউম্যান রাইটস।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সংঘাত সীমান্তের বাইরে ছড়িয়ে পড়া, বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এবং থাই ভূখণ্ডে অন্তত একজন আহত হওয়ার পর থাইল্যান্ড সরকার জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে দেশটির যুদ্ধবিমান আকাশে টহল দিচ্ছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল বলেছেন, মিয়ানমারকে সতর্কতার সঙ্গে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তাঁর সরকার, যাতে সংঘাতের প্রভাব থাইল্যান্ডে না পড়ে।

বিজ্ঞাপন

কারেনি ইন্টেরিম এক্সিকিউটিভ কাউন্সিলের আহ্বায়ক বানিয়ার খুন অং ও কারেনি হিউম্যান রাইটস জানিয়েছে, একটি ওয়াই-১২ পরিবহন বিমান এবং একটি যুদ্ধবিমান থেকে লোইকাওয়ের স্কুলে ২০টির বেশি বোমা ফেলা হয়। ওই এলাকায় কোনো সামরিক তৎপরতা বা সংঘর্ষ ছিল না বলে জানিয়েছেন বানিয়ার খুন অং।

তিনি বলেন, “ছোট শিশুরা যেখানে পড়াশোনা করছে, সেই স্কুলে বারবার হামলা চালানো একটি চরম অমানবিক কাজ এবং এটি যুদ্ধাপরাধের শামিল।”

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD