Logo

বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কুয়েত

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ নভেম্বর, ২০২৬, ১৪:৩৩
বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা, বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিলো কুয়েত
ছবি: সংগৃহীত

কুয়েতে বন্ধুর সঙ্গে বিরোধের জেরে এক বাংলাদেশি প্রবাসীকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অভিযুক্তের স্ত্রীর ছবি প্রকাশকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরবর্তী সময়ে সেই বিরোধের জেরেই বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা করেন তিনি। গত ৩ নভেম্বর মঙ্গলবার আদালত এ রায় দেন।

বিজ্ঞাপন

মামলার নথি ও সরকারি কৌঁসুলির দপ্তরের তথ্য অনুযায়ী, নিহত ব্যক্তি অভিযুক্ত বাংলাদেশির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। অভিযোগ রয়েছে, অভিযুক্তের অনুমতি ছাড়াই তার স্ত্রীর ছবি নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেন ওই ব্যক্তি। বিষয়টি জানার পর অভিযুক্ত বারবার ছবিগুলো সরিয়ে নেওয়ার অনুরোধ জানান। তবে তার বন্ধু সেই অনুরোধ উপেক্ষা করেন।

সরকারি কৌঁসুলিদের ভাষ্য অনুযায়ী, ছবি সরাতে অস্বীকৃতি জানানোর পর বন্ধুকে হত্যার পরিকল্পনা করেন অভিযুক্ত। এ উদ্দেশ্যে তিনি একটি ছুরি সংগ্রহ করেন। পরে বন্ধু কর্মস্থলের ভেতরে অবস্থান করছেন কি না, তা নিশ্চিত হয়ে বাইরে অপেক্ষা করতে থাকেন।

একপর্যায়ে কর্মস্থল থেকে বেরিয়ে এলে বন্ধুর ওপর অতর্কিত হামলা চালান তিনি। এ সময় তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। গুরুতর আঘাতের কারণে ঘটনাস্থলেই বন্ধুর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

আদালতে শুনানির সময় অভিযুক্ত নিজের অপরাধ স্বীকার করেন। তিনি জানান, ঘটনার আগে নিহত ব্যক্তির সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একবার তার বাড়িতে বেড়াতে গিয়ে ওই বন্ধু অনুমতি ছাড়াই তার স্ত্রীর ছবি তুলেছিলেন। পরবর্তী সময়ে ছবিগুলো ফেসবুকে প্রকাশ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযুক্তের দাবি, ছবিগুলো প্রকাশের পর তার স্ত্রীর বিষয়ে আপত্তিকর মন্তব্য আসতে শুরু করে। এ কারণে তিনি বন্ধুকে ছবিগুলো সরিয়ে ফেলার অনুরোধ জানান। কিন্তু বন্ধু তাতে রাজি না হয়ে আরও ছবি প্রকাশ করেন। এতে তার ও স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি তৈরি হয়।

আদালতে অভিযুক্ত আরও জানান, এই বিরোধের জেরে তিনি বন্ধুর ওপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। সেই পরিকল্পনা বাস্তবায়ন করতেই কর্মস্থলের বাইরে অপেক্ষা করে ছুরি দিয়ে প্রাণঘাতী হামলা চালান।

বিজ্ঞাপন

সব পক্ষের বক্তব্য ও মামলার তথ্য পর্যালোচনা শেষে আদালত অভিযুক্তকে পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেন। পরে তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD