আমাকে অভিশংসনের চেষ্টা করলে ডেমোক্র্যাটরা ধ্বংস হবে: ট্রাম্প

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর নেওয়া বিভিন্ন নীতি এবং ইরানে সামরিক অভিযান নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা তাকে অভিশংসনের উদ্যোগ নিলে তার পরিণতি দলটির জন্যই ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন তিনি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গত ৩ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন প্রকাশিত ফলাফলে দেখা যায়, দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটে বড় জয় পেয়েছেন বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির প্রার্থীরা।
নির্বাচনের ফল প্রকাশের পর বুধবার বিকেলে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন ট্রাম্প। এ সময় হোয়াইট হাউসের লনে নির্মাণাধীন নতুন প্রকল্প ‘বলরুম’ ঘুরিয়ে দেখান তিনি। প্রায় ২০ মিনিট ধরে প্রকল্পটি নিয়ে কথা বললেও নির্বাচনে রিপাবলিকানদের বড় ধরনের পরাজয়ের প্রসঙ্গ এড়িয়ে যান।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ইরানে সামরিক অভিযান পরিচালনা এবং অভিবাসনবিরোধী বিভিন্ন পদক্ষেপ নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে। এসব ক্ষেত্রে বিরোধী দলের মতামত উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাংবাদিকরা জানতে চান, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তাকে অভিশংসনের উদ্যোগ নিলে তিনি উদ্বিগ্ন কি না। জবাবে ট্রাম্প বলেন, “আমি বিন্দুমাত্র চিন্তিত নই; বরং আমার মনে হয়, তারা যদি এমনটা করে—অর্থাৎ কোনো কারণ ছাড়াই অভিশংসন আনে—তবে তা ডেমোক্র্যাটিক পার্টিকেই ধ্বংস করে দেবে। কিসের জন্য? একটি সফল দেশ গড়ার জন্য? আমাদের দেশ এখন তার ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে বেশি সফল।”
এদিকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয় নিয়ে প্রশ্ন করা হলে নিজের জনপ্রিয়তার দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, “আমি যদি ব্যালটে থাকতাম, তবে জয়ী হতাম। নির্বাচনের আগে আমি যেসব জনসভা করেছি—সমর্থকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি; কিন্তু সেই ভালোবাসা আমরা প্রার্থীদের কাছে পৌঁছে দিতে পারিনি।”
তবে নির্বাচনের ফল প্রকাশের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি লিখেছিলেন, “ডেমোক্র্যাটদের অভিনন্দন। তারা ভালো কাজ করেছে। ১১ বছর ধরে তারা এই জয়ের অপেক্ষায় ছিল, অবশেষে তারা তা পেয়েছে। ডেমোক্র্যাটরা ভালো করেছে।”








