ঢাকার বস্তিকে নয়াদিল্লি সাজিয়ে ভিডিও, ভারতের উদ্বেগ

বাংলাদেশের রাজধানী ঢাকার দরিদ্র ও ঘনবসতিপূর্ণ এলাকার ভিডিও ধারণ করে সেগুলো ভারতের রাজধানী নয়াদিল্লির দৃশ্য হিসেবে প্রচারের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ভারত। এ ধরনের কর্মকাণ্ডকে একটি দেশকে বিকৃতভাবে উপস্থাপনের চেষ্টা উল্লেখ করে ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা এ বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি। যেকোনো দেশকে এভাবে বিকৃত করে দেখানোর চেষ্টা সত্যিই দুর্ভাগ্যজনক।’’
ভিডিও তৈরির পেছনে বিদেশিদের সম্পৃক্ততার বিষয়ে জয়সওয়াল বলেন, ‘‘মিথ্যা তথ্য বা গল্প সাজানোর এই চেষ্টা মূলত যারা এসব করাচ্ছে এবং যারা ভিডিও ধারণ করছে, তাদের নিজেদের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দেয়।’’
বিজ্ঞাপন
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনি পদক্ষেপ নেওয়া উচিত বলেও মনে করেন তিনি। জয়সওয়াল বলেন, ‘‘আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করব যেন এই খবরের ওপর ভিত্তি করে তারা ব্যবস্থা নেয়।’’
আরও পড়ুন
বিজ্ঞাপন
গণমাধ্যমে প্রকাশিত একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৫০ জন চীনা নাগরিক ঢাকার বিভিন্ন দরিদ্র এলাকার ভিডিও ধারণ করে সেগুলোকে নয়াদিল্লির দৃশ্য হিসেবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচার করছেন।
প্রতিবেদন অনুযায়ী, চীনা ভ্লগাররা রাজধানীর টেকপাড়া ও উত্তরার বিভিন্ন এলাকাকে ভারতের রাজধানী হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। একই সঙ্গে সেখানকার মানুষের জীবনযাপন, ঘরবাড়ি ও পরিবেশ নিয়ে অবমাননাকর মন্তব্য করছিলেন।
বিজ্ঞাপন
এ ধরনের একটি ঘটনার উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, মিয়ানমিয়ান নামের এক চীনা নারী গত ১ নভেম্বর উত্তরার ১২ নম্বর সেক্টর থেকে সরাসরি সম্প্রচারের সময় এলাকাটিকে নয়াদিল্লি বলে পরিচয় দেন। সেখানকার পরিবেশ নিয়েও নেতিবাচক মন্তব্য করেন তিনি।
ওই নারী বলছিলেন, এটি নয়াদিল্লি। এদের ঘরবাড়ি খুব নোংরা। টিনের চালের ভেতরে কোনো ফ্যানও নেই। এলাকাটি বেশ অনগ্রসর, নোংরা ও অস্বাস্থ্যকর, আর এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতিও খারাপ।
আরেক ঘটনায় ওয়াং ওয়েই নামের এক চীনা ভ্লগার টেকপাড়ায় চা বিক্রেতাদের ভিডিও ধারণ করেন। এ সময় স্থানীয়দের চা পান নিয়ে কটূক্তি করেন তিনি। তার মন্তব্য ছিল, ‘‘দেখুন, এরা চা খাচ্ছে। আপনারা কি জানেন এটি কী চা? এটি গরুর মূত্রের চা। এরা গরুর মূত্র দিয়ে বানানো চা খায়।’’
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও বলা হয়, এসব ভুয়া ভিডিও চীনের উইচ্যাট ও ডাউয়িনের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছিল। ভিডিও ধারণের সময় অনুমতি ছাড়াই স্থানীয় বাসিন্দাদের বাড়ি, রান্নাঘর ও ব্যক্তিগত পরিসরে প্রবেশের অভিযোগও উঠেছে। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে।
এ ছাড়া স্থানীয় কয়েকজন বাসিন্দা দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকার বিনিময়ে এসব বিদেশি নাগরিককে বিভিন্ন এলাকা ঘুরিয়ে দেখাতে সহায়তা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে উত্তরায় বিদেশি নাগরিকদের ভিডিও ধারণের বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। কেন এবং কী উদ্দেশ্যে এসব ভিডিও তৈরি করা হচ্ছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিজ্ঞাপন
সূত্র: এএনআই








