মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার ইঙ্গিত, তবুও জ্বলছে একের পর এক ট্যাংকার

ইরান যুদ্ধের উত্তেজনা কমার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তবে কূটনৈতিক ও রাজনৈতিক অঙ্গনে সংঘাত প্রশমনের ইঙ্গিত মিললেও মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথে তেলবাহী জাহাজে হামলা অব্যাহত রয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এতে তেল পরিবহন, সামুদ্রিক নিরাপত্তা ও পরিবেশের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) অপরিশোধিত তেলের দাম গত দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার প্রয়োজন নেই—যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এমন মন্তব্যের পর বাজারে সংঘাত কমার প্রত্যাশা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যেও আগের তুলনায় নমনীয়তা দেখা যাচ্ছে।
তবে যুদ্ধের বাস্তব পরিস্থিতি ভিন্ন। নভেম্বর মাসেও জাহাজ ও জ্বালানি স্থাপনায় হামলা কমার লক্ষণ নেই। ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির তথ্য অনুযায়ী, গত অক্টোবরে মধ্যপ্রাচ্যে ৩৭টি জাহাজ হামলার শিকার হয়েছে। যুদ্ধ শুরুর পর এক মাসে এটিই সর্বোচ্চ হামলার ঘটনা।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে ওমানের উপকূলের কাছে ন্যাভিগএইট পরিচালিত একটি তেলবাহী ট্যাংকারে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটি যাচাই করেছে রয়টার্স। একই দিন ইউরোপীয় ইউনিয়নের কোপারনিকাস সেন্টিনেল-২ উপগ্রহের ছবিতেও ওই এলাকায় কালো ধোঁয়ার বড় কুণ্ডলী ধরা পড়ে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনীর বরাতে জানিয়েছে, রোববার হরমুজ প্রণালি দিয়ে ‘অনুমোদনহীন পথে’ চলাচলের অভিযোগে তিনটি ট্যাংকারে হামলা চালানো হয়েছে।
আগুনে আক্রান্ত ট্যাংকারটি পরিচালনা করে ন্যাভিগএইট। প্রতিষ্ঠানটির অধিকাংশ মালিকানা আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির (এডিএনওসি) লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেসের হাতে। এ বিষয়ে রয়টার্সের মন্তব্য চাইলেও প্রতিষ্ঠান দুটি কোনো সাড়া দেয়নি।
ইরানের বন্দর ঘিরে মার্কিন অবরোধ বহাল
বিজ্ঞাপন
অন্যদিকে ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এখনো কার্যকর রয়েছে। সর্বশেষ শনিবার ইরানের একটি বন্দর পরিদর্শন শেষে আঞ্চলিক জলসীমা ছেড়ে যাওয়ার চেষ্টা করে সেন্ট কিটসের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, এ সময় মার্কিন সামরিক বাহিনীর একটি বিমান জাহাজটিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে জাহাজটি অচল হয়ে পড়ে।
হরমুজ প্রণালিতে ধারাবাহিক হামলার প্রভাব পড়ছে সামুদ্রিক পরিবেশেও। ক্ষতিগ্রস্ত ট্যাংকার থেকে তেল সমুদ্রে ছড়িয়ে পড়ছে। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এবং রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে ওমানের উপকূল পর্যন্ত তেল পৌঁছানোর দৃশ্য দেখা গেছে। উপগ্রহচিত্রেও ওমান ও সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছাকাছি সমুদ্রপৃষ্ঠে তেলের স্তর ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে।
সৌদি আরামকোর স্থাপনাও হামলার লক্ষ্যবস্তু
বিজ্ঞাপন
মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও জ্বালানি অবকাঠামো ও বেসামরিক স্থাপনায় হামলার ঘটনা ঘটছে। ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা বিশ্বের বৃহত্তম তেল কোম্পানি সৌদি আরামকোর কার্যালয়সহ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
গত ৮ নভেম্বর হুথিদের দাবি করা ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদে আরামকোর একটি কার্যালয়ে ক্ষয়ক্ষতির চিত্র সামনে আসে। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, ভবনটি হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। হামলার ধ্বংসাবশেষে স্থাপনাটির সামান্য ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।
আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে সংঘাত শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় ১৩০টি ঘটনার তথ্য নিশ্চিত করা হয়েছে। এসব ঘটনার অধিকাংশই হামলাসংক্রান্ত। এতে অন্তত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এদিকে মঙ্গলবার ওমানের লিমা এলাকার উত্তর-পূর্বে আরও একটি তেলবাহী ট্যাংকারে হামলার খবর জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা (ইউকেএমটিও)। তবে এই হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে সংস্থাটি কোনো তথ্য প্রকাশ করেনি।
সব মিলিয়ে যুদ্ধের উত্তেজনা কমার রাজনৈতিক ইঙ্গিত এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিম্নমুখী হলেও মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে নিরাপত্তাঝুঁকি এখনো প্রবল। বিশেষ করে হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহের পাশাপাশি সামুদ্রিক পরিবেশের জন্যও বড় হুমকি হয়ে উঠছে।








