Logo

মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহসম্মত সুদমুক্ত ঋণ চালু করছে ব্রিটেন

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬, ১৩:৩০
মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহসম্মত সুদমুক্ত ঋণ চালু করছে ব্রিটেন
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী মুসলিম শিক্ষার্থীদের জন্য শরিয়াহসম্মত সুদবিহীন ঋণ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। নতুন এই কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা ইসলামি অর্থায়ন নীতি অনুসরণ করে শিক্ষা ব্যয়ের জন্য ঋণ নিতে পারবেন। ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ‘অল্টারনেটিভ স্টুডেন্ট ফাইন্যান্স’ নামে এই ব্যবস্থা চালু হতে পারে।

বিজ্ঞাপন

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, প্রচলিত শিক্ষার্থী ঋণ ব্যবস্থায় সুদ দিতে হয় বলে অনেক মুসলিম শিক্ষার্থী তা গ্রহণ করতে অনাগ্রহী। তাদের এই ধর্মীয় উদ্বেগ দূর করে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতেই বিকল্প অর্থায়ন ব্যবস্থাটি চালুর পরিকল্পনা করা হয়েছে।

ইতোমধ্যে যুক্তরাজ্যের কয়েকটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় সম্ভাব্য আবেদনকারীদের কাছে এ কর্মসূচির তথ্য প্রচার শুরু করেছে। তবে ধর্মীয় বিবেচনায় পৃথক অর্থায়ন ব্যবস্থা তৈরির উদ্যোগ নিয়ে দেশটিতে সমালোচনাও দেখা দিয়েছে।

যেভাবে কাজ করবে সুদবিহীন ঋণ ব্যবস্থা

বিজ্ঞাপন

প্রচলিত শিক্ষার্থী ঋণের মতো নতুন ব্যবস্থায় সরাসরি সুদ আরোপ করা হবে না। এর পরিবর্তে ইসলামি অর্থায়নের ‘তাকাফুল’ বা পারস্পরিক আর্থিক সহযোগিতার নীতিতে শিক্ষার্থীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘অবদান’ হিসেবে নেওয়া হবে।

প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, একজন শিক্ষার্থীকে শেষ পর্যন্ত যে পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে, তা প্রচলিত শিক্ষার্থী ঋণ ব্যবস্থার সমপরিমাণ হবে।

তবে দুই ব্যবস্থার মধ্যে অর্থ জমা ও ব্যবহারের ক্ষেত্রে পার্থক্য থাকবে। প্রচলিত ব্যবস্থায় ঋণের সুদ ও কিস্তি সরকারের সাধারণ তহবিলে জমা হয়। অন্যদিকে, নতুন কর্মসূচিতে শিক্ষার্থীদের দেওয়া অর্থ আলাদা তহবিলে সংরক্ষণ করা হবে। পরবর্তী সময়ে এই অর্থ থেকে কর্মসূচিতে অংশ নেওয়া অন্য শিক্ষার্থীদের ঋণ দেওয়া হবে।

বিজ্ঞাপন

সরকার জানিয়েছে, বিকল্প এই ঋণ ব্যবস্থা সব ধর্মের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এতে অংশগ্রহণকারীরা কোনো বিশেষ আর্থিক সুবিধা বা কম খরচে ঋণ পাবেন না। প্রচলিত ব্যবস্থার মতোই তাদের সমপরিমাণ অর্থ পরিশোধ করতে হবে এবং একই সময়সূচি অনুসরণ করতে হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র দ্য টেলিগ্রাফকে বলেছেন, “বিকল্প শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থা মুসলিম শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেবে—এমন ধারণা সম্পূর্ণ ভুল।”

সরকারের ভাষ্য অনুযায়ী, শিক্ষার্থীরা যে পদ্ধতিতেই ঋণ নিন না কেন, তা পরিশোধের বাধ্যবাধকতা থাকবে। বিকল্প ব্যবস্থাতেও সুদের সমতুল্য অর্থ প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হয়েছে প্রচার

কর্মসূচি শুরুর নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করেনি যুক্তরাজ্যের সরকার। তবে দেশটির বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আবেদনকারীদের এ বিষয়ে জানাতে শুরু করেছে।

ইউনিভার্সিটি অব ব্রিস্টল বিকল্প ব্যবস্থাটিকে ‘সুদমুক্ত যুক্তরাজ্য সরকারি ঋণ’ হিসেবে উল্লেখ করেছে। ইউনিভার্সিটি অব লিডস জানিয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এটি চালু হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে ইউনিভার্সিটি কলেজ লন্ডন ও সিটি সেন্ট জর্জ’স আবেদনকারীদের জানিয়েছে, প্রস্তাবিত ঋণ ব্যবস্থা সুদভিত্তিক হবে না। নিউক্যাসল ইউনিভার্সিটি এটিকে ‘সুদবিহীন’ ও ‘শরিয়াহ-সম্মত অর্থায়ন’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে।

অন্যদিকে, ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি কর্মসূচিটিকে ‘শরিয়াহ-সম্মত হিসেবে সনদপ্রাপ্ত’ বলে উল্লেখ করেছে। ধর্মীয় কারণে যারা সুদযুক্ত ঋণ নিতে পারেন না, তাদের জন্যই এই বিকল্প ব্যবস্থা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কেন এই উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য?

ইসলামি শরিয়াহ অনুযায়ী সুদ দেওয়া ও নেওয়া নিষিদ্ধ। এ কারণে যুক্তরাজ্যে উচ্চশিক্ষায় আগ্রহী অনেক মুসলিম শিক্ষার্থী প্রচলিত শিক্ষার্থী ঋণ গ্রহণ নিয়ে দ্বিধায় থাকেন।

২০২৫ সালের জুনে যুক্তরাজ্য সরকার জানিয়েছিল, প্রস্তাবিত বিকল্প অর্থায়ন ব্যবস্থায় কোনো সুদ অন্তর্ভুক্ত থাকবে না। সরকার এটিকে রাষ্ট্রীয় সহায়তায় চালু হতে যাওয়া প্রথম শরিয়াহ-সম্মত শিক্ষার্থী ঋণ কর্মসূচি হিসেবে বর্ণনা করেছে।

বিজ্ঞাপন

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, প্রচলিত ঋণ ব্যবস্থা নিয়ে মুসলিম শিক্ষার্থীদের উদ্বেগ বিবেচনায় নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

২০২১ সালে প্রায় ৩৯ হাজার ব্রিটিশ মুসলিমের ওপর পরিচালিত ‘মুসলিম সেন্সাস’ জরিপে দেখা যায়, ৮০ শতাংশ শিক্ষার্থী প্রচলিত শিক্ষার্থী ঋণ নিয়ে মানসিক দ্বন্দ্বে ভোগেন। একই জরিপে ৭১ শতাংশ শিক্ষার্থী মনে করেন, বিদ্যমান ব্যবস্থা মুসলিমদের প্রতি বৈষম্যমূলক।

তবে প্রচলিত শিক্ষার্থী ঋণ ইসলামি শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ কি না, সে বিষয়ে সব আলেমের মত এক নয়। উদাহরণ হিসেবে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জানিয়েছে, যুক্তরাজ্যের ‘ফতোয়া কাউন্সিল’ প্রচলিত শিক্ষার্থী অর্থায়ন ব্যবস্থাকে সমর্থন করেছে।

বিজ্ঞাপন

ফলে নতুন ব্যবস্থাটি মূলত তাদের জন্য, যারা ধর্মীয় বিশ্বাসের কারণে সুদভিত্তিক ঋণ নিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না।

প্রকল্পের আর্থিক ঝুঁকি নিয়ে উদ্বেগ

সুদমুক্ত কাঠামোয় ঋণ দেওয়া হলেও নতুন প্রকল্পের কারণে সরকারের আর্থিক ঝুঁকি পুরোপুরি দূর হবে না। প্রচলিত শিক্ষার্থী ঋণ ব্যবস্থায় বিপুল পরিমাণ অর্থ শেষ পর্যন্ত পুরোপুরি আদায় না হওয়ার আশঙ্কা রয়েছে। বিকল্প ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের ঝুঁকি থাকতে পারে।

বিজ্ঞাপন

এর ফলে অপরিশোধিত ঋণের আর্থিক বোঝা শেষ পর্যন্ত করদাতাদের বহন করতে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকার ইতোমধ্যে প্রকল্পটির পেছনে ৩ লাখ ৬৫ হাজার পাউন্ডের বেশি ব্যয় করেছে। ইসলামিক ফাইন্যান্স কাউন্সিল ইউকে কর্মসূচিটির কাঠামো তৈরিতে সহায়তা করেছে।

সমর্থকদের যুক্তি, এই উদ্যোগের ফলে আরও বেশি শিক্ষার্থী ধর্মীয় বিশ্বাসের সঙ্গে আপস না করেই উচ্চশিক্ষার সুযোগ পাবেন। সে বিবেচনায় প্রকল্পের ব্যয় যৌক্তিক।

সমালোচকদের আপত্তি কোথায়?

প্রস্তাবিত ঋণ কর্মসূচি নিয়ে বিরোধীদের সমালোচনার মূল বিষয় হলো, ধর্মীয় কারণে আলাদা আর্থিক কাঠামো তৈরি হলে সমাজে বিভাজন বাড়তে পারে।

রিফর্ম পার্টির শিক্ষা বিষয়ক মুখপাত্র সুয়েলা ব্রাভারম্যান এই উদ্যোগকে ‘জঘন্য’ ও ‘দ্বি-স্তরীয় ব্যবস্থা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

দ্য টেলিগ্রাফকে তিনি বলেছেন, “এই জঘন্য ব্রিটিশ-বিরোধী প্রকল্পটি একটি দ্বি-স্তরীয় শিক্ষা ব্যবস্থা এবং বিভক্ত সমাজ তৈরি করবে। লেবার পার্টির এ প্রকল্পটি প্রমাণ করে যে তারা ব্রিটিশ জীবনের সকল ক্ষেত্রে দ্বৈত নীতিতে আসক্ত।”

ব্রাভারম্যানের আশঙ্কা, এ ধরনের নীতির ফলে এমন পৃথক প্রতিষ্ঠান ও ব্যবস্থা গড়ে উঠতে পারে, যা ব্রিটিশ সমাজের প্রচলিত জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, “শরিয়া-সম্মত ঋণ প্রদানের ফলে এমন সমান্তরাল প্রতিষ্ঠান তৈরি হওয়ার ঝুঁকি রয়েছে যা ব্রিটিশ জীবনধারার সঙ্গে বেমানান”।

অন্যদিকে, যুক্তরাজ্য সরকার বলছে, নতুন কর্মসূচির মাধ্যমে মুসলিম শিক্ষার্থীদের বাড়তি কোনো সুবিধা দেওয়ার পরিকল্পনা নেই। বরং ধর্মীয় উদ্বেগের কারণে যারা প্রচলিত ঋণ নিতে অনাগ্রহী, তাদের জন্য উচ্চশিক্ষায় প্রবেশের আরেকটি সুযোগ তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

সূত্র: দ্য টেলিগ্রাফ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD