Logo

পরিবারসহ ২৭ ইসরায়েলি কূটনীতিকে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৬ অক্টোবর, ২০২৬, ১৩:৫২
পরিবারসহ ২৭ ইসরায়েলি কূটনীতিকে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের
ছবি: সংগৃহীত

পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত ইসরায়েল কার্যকর করলে পাল্টা ব্যবস্থা হিসেবে লন্ডনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের ২৭ কূটনীতিককে বহিষ্কার করবে যুক্তরাজ্য। ইসরায়েলি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম।

বিজ্ঞাপন

ইসরায়েলে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স ইসরায়েলি কর্মকর্তাদের কাছে এ সতর্কবার্তা পৌঁছে দিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। কনস্যুলেটে কর্মরত ২৭ ব্রিটিশ কূটনীতিকের মর্যাদা বাতিল বা তাদের কার্যক্রম বন্ধ করা হলে, পাল্টা হিসেবে সমসংখ্যক ইসরায়েলি কূটনীতিককে যুক্তরাজ্য থেকে বহিষ্কারের কথা জানানো হয়েছে।

ইসরায়েল পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সিদ্ধান্ত নেয় যুক্তরাজ্যের পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে কেন্দ্র করে নেওয়া নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায়। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা'আর গত সেপ্টেম্বরে কনস্যুলেটটি বন্ধের নির্দেশ দেন। সিদ্ধান্তটি ৮ অক্টোবর কার্যকর হওয়ার কথা রয়েছে।

পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞাসহ বসতি কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য। এর জবাবেই ইসরায়েল ব্রিটিশ কনস্যুলেট বন্ধসহ কয়েকটি পাল্টা পদক্ষেপের ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পূর্ব জেরুজালেমের ব্রিটিশ কনস্যুলেটটি ইসরায়েলে অবস্থিত ব্রিটিশ দূতাবাস থেকে পৃথক। এটি পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে যুক্তরাজ্যের বিভিন্ন রাজনৈতিক ও কনস্যুলার কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কনস্যুলেটটিতে ২৭ জন ব্রিটিশ কূটনীতিক কর্মরত রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কনস্যুলেট বন্ধ ঠেকাতে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েল গত সপ্তাহে ইসরায়েল সফর করে দেশটির কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলেও রয়টার্স জানিয়েছে। তবে ওই আলোচনায় কনস্যুলেটটি খোলা রাখার বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

বিজ্ঞাপন

এদিকে, ২৭ ইসরায়েলি কূটনীতিককে বহিষ্কারের সম্ভাব্য ব্রিটিশ পদক্ষেপ নিয়ে ইসরায়েলি পক্ষ সরাসরি নিশ্চিত করেনি। ইসরায়েলি কূটনৈতিক সূত্র জানিয়েছে, অন্য দেশ ভবিষ্যতে কী সিদ্ধান্ত নেবে, সে বিষয়ে জল্পনার জবাব দেওয়ার কারণ নেই। তবে ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপের উপযুক্ত জবাব দেওয়া হবে বলেও তারা জানিয়েছে।

ফলে পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্য ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক উত্তেজনাও আরও বাড়ছে।

সূত্র : এএফপি, গালফ নিউজ

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD