Logo

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারে আগ্রহী স্কট ম্যাকডোনাল্ড

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২০
বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক আরও জোরদারে আগ্রহী স্কট ম্যাকডোনাল্ড
ছবি: সংগৃহীত

তিন দিনের সফরে বাংলাদেশে এসে দুই দেশের দীর্ঘদিনের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড। আগামী ১ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন তিনি। শিক্ষা, ইংরেজি ভাষা, শিল্প-সংস্কৃতি এবং তরুণদের জন্য নতুন সুযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের অংশীদারত্ব আরও বিস্তৃত করাই তার সফরের অন্যতম লক্ষ্য।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) ব্রিটিশ কাউন্সিল জানিয়েছে, সফরকালে ঢাকাসহ রাজশাহীতে সরকারি প্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন স্কট ম্যাকডোনাল্ড। একই সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের বিভিন্ন অংশীদারত্বমূলক প্রকল্প পরিদর্শন করে সেগুলোর কার্যক্রম ও প্রভাব সম্পর্কে সরাসরি ধারণা নেবেন তিনি।

শিক্ষা খাতের সংস্কার, স্কুলব্যবস্থার উন্নয়ন, উচ্চশিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় এবং তরুণদের সম্পৃক্ততা—এসব ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয় সফরে গুরুত্ব পাবে।

সফরের প্রথম দিনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বৈঠক করেন স্কট। সেখানে বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রাধিকার এবং বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরও বিস্তৃত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এরপর ব্রিটিশ কাউন্সিলের অংশীদার অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন তিনি। আলোচনায় ইংরেজি ভাষা শেখার সুযোগ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত মূল্যায়ন পদ্ধতিতে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর বিষয় উঠে আসে।

বিজ্ঞাপন

পরে যুক্তরাজ্যে পড়াশোনা করা সাবেক শিক্ষার্থীদের সঙ্গে ‘কানেক্টিং পিপল, শেয়ারিং ইমপ্যাক্ট: ব্রিটিশ কাউন্সিল গ্র্যান্টি অ্যান্ড ইউকে অ্যালামনাই শোকেস’ শীর্ষক আয়োজনে অংশ নেন স্কট। সেখানে যুক্তরাজ্যের সাবেক শিক্ষার্থী ও ব্রিটিশ কাউন্সিলের অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা নিজেদের কাজ ও অভিজ্ঞতা তুলে ধরেন। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে যোগাযোগ ও জ্ঞান বিনিময়ে তাদের ভূমিকার বিভিন্ন দিকও তুলে ধরা হয়।

সফর নিয়ে স্কট ম্যাকডোনাল্ড বলেন, বাংলাদেশে ১৯৫১ সাল থেকে কাজ করছে ব্রিটিশ কাউন্সিল। শিক্ষা, সংস্কৃতি এবং দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে প্রজন্মের পর প্রজন্ম ধরে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে।

তিনি বলেন, “এসব সম্পর্কের ধরন কাছ থেকে দেখতে পেরে আমি আনন্দিত।”

বিজ্ঞাপন

স্কট আরও বলেন, “যারা এই সম্পর্ককে এগিয়ে নিচ্ছেন, সেই অংশীদার, শিক্ষক, শিক্ষার্থী, তরুণ ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা শুনতেও ভালো লাগছে।”

বাংলাদেশের সম্ভাবনা ও তরুণদের উদ্যমের কথা উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটি দেশ, আর এখানকার তরুণেরাও বেশ উদ্যমী। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের অংশীদারত্বকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে কাজ করতে আমি আগ্রহী। দুই দেশের অভিজ্ঞতা ও ভাবনাগুলো একসঙ্গে কাজে লাগিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মানুষের শেখা ও একসঙ্গে কাজ করার আরও সুযোগ তৈরি করতে চাই।”

রাজশাহীতে শিক্ষা ও সংস্কৃতির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন

বিজ্ঞাপন

সফরের অংশ হিসেবে রাজশাহীতেও যাবেন স্কট ম্যাকডোনাল্ড। সেখানে ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় পরিচালিত বিভিন্ন কর্মসূচির সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষার্থী, তরুণ, শিক্ষা খাতের নেতৃত্বস্থানীয় ব্যক্তি ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তার সাক্ষাৎ হবে।

রাজশাহীর হেলেনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দেখা করবেন তিনি। এ সময় ব্রিটিশ কাউন্সিলের ‘ইংলিশ টিচার্স নিডস ফর প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যানালাইসিস’ প্রতিবেদন প্রকাশ ও হস্তান্তর করা হবে।

বাংলাদেশের ৬৪১ জন শিক্ষকের সাক্ষাৎকার এবং ৩২টি শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। এতে শিক্ষকদের পেশাগত উন্নয়নের প্রয়োজনীয়তা, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে ব্রিটিশ কাউন্সিলের চলমান কার্যক্রমও সফরের গুরুত্বপূর্ণ অংশ। এসব উদ্যোগের মধ্যে প্রায় ১ হাজার ৭০০ মাস্টার ট্রেইনারের দক্ষতা বাড়ানোর বিভিন্ন কর্মসূচি রয়েছে।

রাজশাহীতে প্রজেক্ট হেডওয়ের নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন স্কট। সেখানে দীর্ঘদিনের অংশীদারত্বের পাশাপাশি আইইএলটিএস, ব্রিটিশ কারিকুলামভিত্তিক শিক্ষা এবং ইংরেজি ভাষার মূল্যায়নে সহযোগিতার পরিধি বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এরপর বাংলাদেশের সবচেয়ে পুরোনো জাদুঘর হিসেবে পরিচিত বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করবেন তিনি। সেখানে ডারহাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কালচারাল প্রোটেকশন ফান্ডের যৌথ উদ্যোগে পরিচালিত ঐতিহ্য সংরক্ষণ, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম ঘুরে দেখবেন।

তরুণ ও সাংস্কৃতিক কার্যক্রমেও থাকছে গুরুত্ব

বিজ্ঞাপন

‘ইয়ুথ কানেক্ট: ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন রেজিলিয়েন্স’ প্রকল্পের সঙ্গে যুক্ত তরুণদের সঙ্গেও সাক্ষাৎ করবেন স্কট। এই প্রকল্পের আওতায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১২০ জন তরুণকে ডিজিটাল নাগরিকত্ব এবং ভুল ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত ও মোকাবিলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রশিক্ষণে পাওয়া জ্ঞান অংশগ্রহণকারীরা বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নিজেদের কমিউনিটিতেও কাজে লাগিয়েছেন।

রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে ‘তবুও জেগে উঠি’ (স্টিল আই রাইজ) নাটকের পরিবেশনাও দেখবেন ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী। স্পর্ধা ইন্ডিপেনডেন্ট থিয়েটার কালেকটিভ নাটকটি পরিবেশন করবে। ব্রিটিশ কাউন্সিলের উইমেন অব দ্য ওয়ার্ল্ড গ্র্যান্টস প্রোগ্রামের সহায়তায় আয়োজনটি করা হচ্ছে।

ঢাকায় ফিরে উচ্চশিক্ষা, আন্তর্জাতিক অংশীদারত্ব এবং বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের ২১০টির বেশি অংশীদার স্কুলের নেটওয়ার্ক নিয়ে বিভিন্ন আয়োজনে অংশ নেবেন স্কট ম্যাকডোনাল্ড। তিনি হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) অংশীদারত্ব নিয়ে অংশীজন সভায় যোগ দেবেন। পাশাপাশি ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস প্রিন্সিপালস মিট ২০২৬-এও অংশ নেবেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD