পছন্দের গাড়ি না পেয়ে বিয়ে ভাঙলেন বর, বিপাকে কনের পরিবার

ধুমধাম আয়োজনে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করেছিল কনের পরিবার। প্রায় ১ হাজার ২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছিল। খাবারদাবার থেকে শুরু করে অতিথি আপ্যায়ন—কোনো আয়োজনেই কমতি রাখা হয়নি। কিন্তু শেষ মুহূর্তে পছন্দের ১৩ লাখ টাকার গাড়ি না পেয়ে বিয়ের আসর থেকেই বরযাত্রী নিয়ে চলে গেলেন দিল্লি পুলিশের এক কর্মী। এ ঘটনায় পাত্র ও তার পরিবারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন কনের বাবা। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানা রাজ্যের সোনিপতে।
বিজ্ঞাপন
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুভাষ কুমার নামে এক ব্যক্তির মেয়ে হীনার সঙ্গে দিল্লি পুলিশের কর্মী কুলদীপের বিয়ে ঠিক হয়েছিল। প্রায় ছয় মাস আগে দুই পরিবারের আলোচনায় বিয়ের বিষয়টি চূড়ান্ত হয়। পরবর্তী সময়ে ২০ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়।
কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, বিয়ের প্রস্তুতি শুরুর পর থেকেই পাত্রের পরিবারের পক্ষ থেকে গাড়ি, স্বর্ণালংকারসহ বিভিন্ন উপহারসামগ্রী দাবি করা হচ্ছিল। নিজের সামর্থ্য অনুযায়ী সেসব চাহিদা পূরণের চেষ্টা করেন তিনি। এমনকি পাত্রের জন্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা দিয়ে একটি গাড়িও বুক করেছিলেন। তবে কুলদীপের পছন্দ ছিল মারুতি ব্রেজা, যার বাজারমূল্য প্রায় ১৩ লাখ টাকা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিযোগ রয়েছে, বিয়ের আগের দিন বুক করা গাড়িটি পছন্দ হয়নি বলে জানান কুলদীপ। এরপর কনের পরিবার গাড়িটি বাতিল করে তার পছন্দের মডেল কেনার উদ্যোগ নেয়। কিন্তু এত অল্প সময়ের মধ্যে নতুন গাড়ির ব্যবস্থা করা সম্ভব হয়নি।
সুভাষ কুমারের দাবি, গাড়ির পাশাপাশি পাত্রের জন্য স্বর্ণের চেন, তার মায়ের জন্য কানের দুল এবং রুপার নূপুরের ব্যবস্থাও করা হয়েছিল। পাত্রের বড় ভাই ও ভাবির জন্যও স্বর্ণালংকার চাওয়া হয়েছিল। সেসব কেনার জন্য অর্ডার দেওয়া হয়। এ ছাড়া আসবাবপত্রসহ অন্যান্য উপহারসামগ্রী কেনার প্রস্তুতিও সম্পন্ন ছিল।
কনের বাবার ভাষ্য অনুযায়ী, বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে তার প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা খরচ হয়েছে। প্রায় ১ হাজার ২০০ অতিথির আপ্যায়ন ও খাবারের ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু বিয়ের দিন পছন্দের গাড়ি না দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন পাত্র।
বিজ্ঞাপন
অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানে পৌঁছেই নিজের পছন্দের গাড়ির বিষয়ে জানতে চান কুলদীপ। গাড়ির ব্যবস্থা করা হয়নি শুনে কনের পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন তিনি। পরিবারের পক্ষ থেকে তাকে আশ্বস্ত করা হয়, গাড়ির ব্যবস্থা করা হবে। তবে তাৎক্ষণিকভাবে কেনা সম্ভব নয় বলে জানানো হয়। এরপরও পরিস্থিতি শান্ত না করে গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ উঠেছে।
এ সময় পরিস্থিতি সামাল দিতে কনের ভাই সাহিল এগিয়ে এলে তার সঙ্গেও বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন পাত্র। কনের পরিবারের সদস্যরা বারবার অনুরোধ করলেও তাতে সাড়া দেননি তিনি। একপর্যায়ে বিয়ে না করেই বরযাত্রী নিয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে চলে যান কুলদীপ।
এ ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে কনের পরিবার। বিয়ের সব আয়োজন সম্পন্ন করার পর শেষ মুহূর্তে এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সামাজিকভাবেও বিব্রতকর অবস্থায় পড়েছেন তারা।
বিজ্ঞাপন
পরে কুলদীপ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন কনের বাবা সুভাষ কুমার। তবে এ অভিযোগের ভিত্তিতে পুলিশের তদন্ত ও পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।








