Logo

নেপালের উন্নয়নে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬, ১৫:৫৬
নেপালের উন্নয়নে ২০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা ভারতের, ৮ চুক্তি সই
ছবি: সংগৃহীত

নেপালের উন্নয়ন, পুনর্গঠন ও অবকাঠামোগত অগ্রগতিতে প্রায় ২০ হাজার কোটি টাকার সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে ভারত। একই সঙ্গে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এছাড়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্পের উদ্বোধন এবং নতুন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন দুই দেশের প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

সোমবার (২৩ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহের মধ্যে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। নেপালের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই বালেন্দ্র শাহের প্রথম দ্বিপক্ষীয় ভারত সফর।

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদী বলেন, চলতি বছর নেপালের জনগণ বালেন্দ্র শাহকে যে ঐতিহাসিক জনসমর্থন দিয়েছেন, তা দেশটির নতুন প্রজন্মের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন। এ সময় ৩৫ বছর বয়সী নেপালি প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা ও দূরদর্শিতার প্রশংসা করেন তিনি।

মোদী বলেন, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে তার প্রথম দ্বিপক্ষীয় সফরে ভারতে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। কয়েক মাস আগে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে দেওয়া বক্তব্যে আমরা তার চিন্তাভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার পরিচয় পেয়েছি। সাম্প্রতিক আলোচনায় নেপালের ভবিষ্যৎ এবং ভারত-নেপাল সম্পর্ক নিয়ে তার সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার উপলব্ধি করেছি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারত ও নেপালের সম্পর্ককে কেবল প্রতিবেশীসুলভ সম্পর্ক নয়, বরং দীর্ঘদিনের বিশ্বাস, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন হিসেবে উল্লেখ করেন নরেন্দ্র মোদী। তার মতে, দুই দেশের মানুষের প্রত্যাশা ও চ্যালেঞ্জ অনেকটাই অভিন্ন। সংকটের সময়ও তারা একে অপরের পাশে দাঁড়ায়।

নেপালে সাম্প্রতিক বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে মোদী বলেন, আমাদের আকাঙ্ক্ষা ও চ্যালেঞ্জ একই রকম এবং কঠিন সময়ে আমরা একে অপরের পাশে থাকি। নেপালে বন্যায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমরা গভীর সমবেদনা জানাই।

নেপালের পুনর্গঠন ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতার অংশ হিসেবে তিনি ২৪ হাজার কোটি নেপালি রুপির উন্নয়ন প্যাকেজের ঘোষণা দেন।

বিজ্ঞাপন

জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের বিষয়েও ভারতের সহযোগিতার কথা তুলে ধরেন মোদী। তিনি জানান, দীর্ঘদিন ধরে ভারত নেপালকে নির্ভরযোগ্যভাবে জ্বালানি তেলসহ প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে। ভারতের ‘প্রতিবেশী প্রথম’ নীতির ধারাবাহিকতায় চলতি বছর জ্বালানি সরবরাহে নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নেপালে তেল, সার ও অন্যান্য জরুরি পণ্যের সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ভারতে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য দেশটির সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে নরেন্দ্র মোদীকে নেপাল সফরের আমন্ত্রণ জানান তিনি।

দুই দেশের ঐতিহাসিক ও ঘনিষ্ঠ সম্পর্কের গুরুত্ব তুলে ধরে শাহ বলেন, ভারত ও নেপালের বন্ধন এতটাই গভীর ও আন্তরিক যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। বিভিন্ন সংকট এবং প্রাকৃতিক দুর্যোগের সময় ভারতের সহযোগিতার বিষয়টিও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।

বিজ্ঞাপন

শাহ বলেন, নেপাল ও ভারতের সম্পর্ক হিমালয়ের মতো দৃঢ় এবং সমুদ্রের মতো বিস্তৃত। আমাদের ঘনিষ্ঠতা এত গভীর যে শুধু কথায় তা প্রকাশ করা কঠিন। নির্ভরযোগ্য ও বিশ্বস্ত প্রতিবেশী হিসেবে ভারত প্রাকৃতিক দুর্যোগ ও কঠিন সময়ে সবসময় প্রথম সাড়া প্রদানকারী হিসেবে পাশে দাঁড়িয়েছে। এজন্য ভারতের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে ভারত ও নেপালের মধ্যে আটটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এসব সমঝোতার মাধ্যমে দুই দেশের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ কার্যক্রম, মহাকাশ গবেষণা, স্বাস্থ্যসেবা, চিকিৎসা, নগর উন্নয়ন, আয়ুর্বেদ এবং ঐতিহ্যবাহী চিকিৎসাব্যবস্থাসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ উদ্যোগ সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

এদিকে বৈঠকের অংশ হিসেবে দুই দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ও জ্বালানি প্রকল্প উদ্বোধন করেন। পাশাপাশি ভবিষ্যতে বাস্তবায়নের জন্য নতুন কয়েকটি উন্নয়ন উদ্যোগের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তারা।

বিজ্ঞাপন

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, এসব সমঝোতা, উন্নয়ন সহযোগিতা ও অবকাঠামোগত উদ্যোগ বাস্তবায়িত হলে ভারত-নেপাল সম্পর্ক আরও গভীর হওয়ার পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতাও সম্প্রসারিত হবে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD