Logo

দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর, ২০২৬, ১৮:১০
দেশে ফিরলেই শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে: রয়টার্সকে শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা এবং নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এ অবস্থান জানান তিনি।

বিজ্ঞাপন

ঢাকা বর্তমানে ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের চেষ্টা করছে। দুই দেশের বিদ্যমান বন্দিবিনিময় চুক্তি অনুসারে নয়াদিল্লি তাঁকে ফেরত পাঠানোর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ। ২০২৪ সালের আগস্টে দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন শেখ হাসিনা।

এ বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে মন্তব্য জানতে চাওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো জবাব দেয়নি। এর আগে গত এপ্রিলে মন্ত্রণালয়টি জানিয়েছিল, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের আবেদন পর্যালোচনা করা হচ্ছে।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানে দীর্ঘদিনের শাসনের অবসানের পর শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়। একই সময়ে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ওই অভ্যুত্থান ঘিরে সংঘটিত সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ প্রাণ হারান।

বিজ্ঞাপন

পদত্যাগের দাবিতে দেশজুড়ে আন্দোলন তীব্র হলে ২০২৪ সালের আগস্টে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে সম্প্রতি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন তিনি। তবে সরকার তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, ‘তিনি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।’

প্রত্যর্পণ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা চাই ভারত বন্দিবিনিময় চুক্তিকে সম্মান দেখিয়ে একজন দণ্ডিত আসামি হিসেবে তাকে ফেরত পাঠাক, যাতে আইন তার নিজস্ব গতিতে চলতে পারে। তাকে (হাসিনাকে) নিজের কর্মের ফল ভোগ করতেই হবে।’

বিজ্ঞাপন

এদিকে শেখ হাসিনার প্রত্যাবর্তনের দাবিতে আওয়ামী লীগের সমর্থকেরা বিভিন্ন কর্মসূচি পালন করছেন। চলতি মাসে সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দিয়েছিল দলটি। এসব কর্মসূচির শেষ আয়োজন ছিল ১৯ নভেম্বরের দেশব্যাপী লকডাউন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের বরাতে জানা গেছে, গত ১০ দিনে অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের একাধিক ঘটনা পুলিশের নথিতে এসেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও সাধারণ নাগরিক আহত হয়েছেন।

এই সহিংসতাকে শেখ হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাওয়া দলের’ টিকে থাকার কৌশল হিসেবে বর্ণনা করেছেন শামা ওবায়েদ। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান সরকারকে দায়ী করেছেন।

বিজ্ঞাপন

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে উড়োজাহাজ পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর ভাষ্য, বাংলাদেশ ভারতের সঙ্গে এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চায়, যেখানে দেশের ‘মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থের’ সঙ্গে কোনো আপস করা হবে না।

এ প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের প্রতি তারা কোন ধরনের পররাষ্ট্রনীতি গ্রহণ করবে, তা ভারতকেই ঠিক করতে হবে।’

২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযানে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের ওপর সংঘটিত হত্যাকাণ্ড ও ব্যাপক যৌন সহিংসতাকে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়ে রায় দিয়েছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। এই রায়ের পর রোহিঙ্গা শরণার্থীদের নিজ দেশে ফিরিয়ে নেওয়ার বিষয়ে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।

বিজ্ঞাপন

তবে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের সমালোচনা করেছে মিয়ানমার। দেশটির বক্তব্য, কেবল ‘পরিস্থিতি অনুকূলে এলেই’ রোহিঙ্গাদের প্রত্যাবর্তন সম্ভব।

রায়ের প্রভাব সম্পর্কে শামা ওবায়েদ বলেন, ‘এখন এই রায় আমাদের অর্থাৎ বাংলাদেশকে এবং রোহিঙ্গা সম্প্রদায়কে লড়াই করার শক্তি জোগাচ্ছে।’ তাঁর মতে, রোহিঙ্গাদের ‘মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে’ নিজ দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে।

একাধিকবার প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছেন। মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ এবং রোহিঙ্গাদের বসবাসের প্রধান অঞ্চল রাখাইনের অধিকাংশ এলাকা সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে যাওয়ায় প্রত্যাবাসনের পথ আরও কঠিন হয়েছে।

বিজ্ঞাপন

মিয়ানমার সরকার ও আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশ এই সংকট তৈরি করেনি। মিয়ানমার এই সংকট তৈরি করেছে, তাই মিয়ানমারকেই এর সমাধান করতে হবে।’

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD