মেরিন ড্রাইভে হাসিনার নির্দেশে শত শত মানুষকে হত্যা করা হয়েছে: শাহজাহান চৌধুরী

কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শত শত মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী। অতীতে সংঘটিত গুম, খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় টেকনাফ পৌরসভার সীমান্ত কমপ্লেক্স মাঠে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের সন্ত্রাস, বিশৃঙ্খলা ও নৈরাজ্যের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালামের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
একরাম হত্যার বিচার ও জড়িতদের শাস্তির দাবি
বিজ্ঞাপন
বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রশাসনকে ব্যবহার করে অসংখ্য মানুষকে গুম, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যার শিকার করা হয়েছে। মেরিন ড্রাইভসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত এসব ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
টেকনাফের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর একরাম হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি অভিযোগ করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইন্ধনে প্রশাসনকে ব্যবহার করে একরামকে হত্যা করা হয়েছিল। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে শাহজাহান চৌধুরী বলেন, শেখ হাসিনা দেশে ফেরার স্বপ্ন দেখছেন। কিন্তু অতীতের হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার নিশ্চিত না করে তাঁকে দেশে ফেরার সুযোগ দেওয়া হলে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার এবং একরামের স্বজনদের কাছে কী জবাব দেওয়া হবে? তিনি দেশে ফিরলে আইনানুগ বিচারপ্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
বিজ্ঞাপন
১০২ মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান
টেকনাফের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংসদ সদস্য প্রশাসনের প্রতি ১০২ জন আত্মস্বীকৃত মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে তাঁদের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করার দাবি জানান তিনি।
তাঁর অভিযোগ, এসব অস্ত্র ব্যবহার করে কিছু ব্যক্তি রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে কাজে লাগিয়ে রাতের আঁধারে এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে। পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনাও ঘটছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, কোনো অন্যায়, অনিয়ম, সন্ত্রাস ও নৈরাজ্যকে প্রশ্রয় দেওয়া হবে না। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকবে।
গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় দায়িত্বশীল হওয়ার আহ্বান
সমাবেশে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপস্থিত নেতা-কর্মীদের সালাম জানান শাহজাহান চৌধুরী। তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র নয় মাস। এ সময়ের মধ্যে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বিজ্ঞাপন
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য নুরুল আমিন চৌধুরী, টেকনাফ পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক মেম্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, সিনিয়র সহসভাপতি হাশেম মেম্বার, জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন, সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, পৌর বিএনপির সদস্যসচিব হাফেজ এনামুল হাসান, হ্নীলা বিএনপির সাধারণ সম্পাদক আবসার কামাল, যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন বাবলু ও ফরহাদ আমিন।
এ ছাড়া উপজেলা ক্ষুদ্র ও কুটির শিল্পবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল শুক্কুর, উপজেলা যুবদলের সদস্যসচিব জুনায়েদ আলী চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ, পৌর শ্রমিকদলের আহ্বায়ক আব্দুর রশিদসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং অতীতে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।








