Logo

ঋণের টাকায় কেনা তিন গরু চুরি, দিশেহারা চাকরিচ্যুত ব্যাংকার

profile picture
জেলা প্রতিনিধি
চট্টগ্রাম
২২ নভেম্বর, ২০২৬, ২১:১৬
ঋণের টাকায় কেনা তিন গরু চুরি, দিশেহারা চাকরিচ্যুত ব্যাংকার
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় ব্যাংকের চাকরি হারানোর পর ঋণের টাকায় কেনা তিনটি গরু চুরির ঘটনায় বিপাকে পড়েছেন মো. সোহেল নামের এক ব্যক্তি। গভীর রাতে গোয়ালঘরের তালা ভেঙে গরু তিনটি নিয়ে গেছে চোরের দল। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য আড়াই লাখ টাকা।

বিজ্ঞাপন

গত শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সোহেল ওই গ্রামের কৃষক আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় তিনি পটিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

স্থানীয় বাসিন্দা ও অভিযোগ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার রাতেও পরিবারের সদস্যরা গোয়ালঘরে তালা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় চোরের দল সেখানে এসে তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে গোয়ালঘরে থাকা তিনটি গরু নিয়ে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভুক্তভোগী সোহেল জানান, প্রায় এক বছর আগে ব্যাংকের চাকরি হারানোর পর ঋণ নিয়ে গরুগুলো কিনেছিলেন। গরু পালন করে আর্থিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন তিনি। কিন্তু নতুন করে চুরির ঘটনায় সেই প্রচেষ্টাও বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।

তিনি আরও জানান, এর আগেও দুই বছর আগে তাদের বাড়ি থেকে একইভাবে গরু চুরি হয়েছিল। আবারও তিনটি গরু হারিয়ে পরিবারটি চরম আর্থিক সংকটে পড়েছে। নতুন এই ঘটনায় পুরো পরিবার নিঃস্ব হয়ে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যুযুৎসু যশ চাকমা জানান, গরু চুরির ঘটনায় পুলিশ লিখিত অভিযোগ পেয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD