Logo

বৃষ্টি উপেক্ষা করে ‘আমিন, আমিন’ ধ্বনিতে শেষ হলো ইজতেমা

profile picture
জেলা প্রতিনিধি
গাইবান্ধা
২২ নভেম্বর, ২০২৬, ১৬:০৬
বৃষ্টি উপেক্ষা করে ‘আমিন, আমিন’ ধ্বনিতে শেষ হলো ইজতেমা
ছবি: সংগৃহীত

বৃষ্টি উপেক্ষা করে হাজারো মুসল্লির অংশগ্রহণে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তিন দিনব্যাপী গাইবান্ধা জেলা ইজতেমা। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

রবিবার (২২ নভেম্বর) সকালে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় রংপুর চিনিকলের ইক্ষু খামার মাঠে আখেরি মোনাজাতে অংশ নিতে জড়ো হন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি। বৈরী আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করেই তারা ইজতেমা ময়দানে উপস্থিত হন।

আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মারকাজের শুরা সদস্য মাওলানা মনির বিন ইউসুফ। এ সময় মুসল্লিরা দুই হাত তুলে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। মোনাজাতের সময় পুরো মাঠজুড়ে ধ্বনিত হয় ‘আমিন, আমিন’।

গাইবান্ধা জেলা তাবলিগ কমিটির আয়োজনে বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। তিন দিনব্যাপী সাদপন্থি এ আয়োজনে দেশের বিভিন্ন এলাকার পাশাপাশি ইন্দোনেশিয়া ও সুদানসহ বিদেশ থেকেও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন।

বিজ্ঞাপন

ইজতেমায় ঈমান ও আকিদা মজবুত করা, নামাজ প্রতিষ্ঠা, তাকওয়া অর্জন, দাওয়াত, তালিম ও আত্মশুদ্ধির গুরুত্ব নিয়ে ধারাবাহিক বয়ান ও নসিহত করেন দেশের বিভিন্ন এলাকার আলেম-ওলামারা।

আয়োজকদের ভাষ্য, প্রশাসন, স্বেচ্ছাসেবক ও আয়োজক কমিটির সমন্বিত সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ইজতেমা সম্পন্ন হয়েছে। আয়োজন সফলভাবে শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন তারা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD