নিজেদের টাকায় কেনা সেচের ট্রান্সফরমার চুরি, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক

যশোরের বাঘারপাড়ায় টানা দুই দিনের ভারী বৃষ্টিতে ধানের ক্ষতির রেশ কাটতে না কাটতেই এবার সেচ পাম্পের দুটি ট্রান্সফরমার চুরির ঘটনায় বিপাকে পড়েছেন কৃষকেরা। নিজেদের অর্থায়নে কেনা এসব ট্রান্সফরমার চুরি হওয়ায় আসন্ন সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন দোহাকুলা ইউনিয়নের গলগলিয়া শুকদেবনগর বিলের কৃষকেরা।
বিজ্ঞাপন
রবিবার (২২ নভেম্বর) ভোরে বিলের সড়কসংলগ্ন বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার দুটি খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। সকালে মাঠে গিয়ে সেচ পাম্পের ট্রান্সফরমার না পেয়ে হতবাক হয়ে পড়েন সংশ্লিষ্ট কৃষকেরা। ঘটনাস্থলে ট্রান্সফরমারের বিভিন্ন যন্ত্রাংশ পড়ে থাকতে দেখা যায়।
ভুক্তভোগী কৃষক মুবাশ্মের ও মুহাদ্দেশ আলী জানান, নিজেদের অর্থ ব্যয় করে ট্রান্সফরমার দুটি কিনেছিলেন তাঁরা। এর মাধ্যমে এলাকার কৃষকদের জমিতে সেচের পানি সরবরাহ করা হতো। প্রতিদিনের মতো সকালে মাঠে গিয়ে ট্রান্সফরমার দুটি চুরি হওয়ার বিষয়টি তাঁদের নজরে আসে।
ক্ষোভ ও হতাশা প্রকাশ করে তাঁরা বলেন, নিজেদের টাকায় ট্রান্সফরমার কিনে এতদিন কৃষকদের সেচের ব্যবস্থা করে আসছি। এখন দুটি ট্রান্সফরমারই চুরি হয়ে যাওয়ায় আমরা অসহায় হয়ে পড়েছি। নতুন করে ট্রান্সফরমার কেনার মতো অর্থও আমাদের হাতে নেই।
বিজ্ঞাপন
তাঁরা আরও জানান, টানা দুই দিনের ভারী বৃষ্টিতে এমনিতেই ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে সেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হওয়ায় সামনে কীভাবে জমিতে পানি সরবরাহ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এ সমস্যার কারণে শুধু তাঁরা নন, এলাকার অন্যান্য কৃষকও ক্ষতিগ্রস্ত হতে পারেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ বিষয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বাঘারপাড়া জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সোহানুর রহমান বলেন, সামনে সেচ মৌসুম। এ সময়ে কৃষকদের সেচের ট্রান্সফরমার চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অফিসিয়ালভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজ্ঞাপন
স্থানীয় কৃষকদের আশঙ্কা, দ্রুত ট্রান্সফরমার দুটি পুনঃস্থাপন করা সম্ভব না হলে আসন্ন সেচ মৌসুমে জমিতে পানি সরবরাহ ব্যাহত হবে। এতে ফসল উৎপাদন ও সামগ্রিক কৃষিকাজে বিরূপ প্রভাব পড়তে পারে।
এ অবস্থায় চুরি হওয়া ট্রান্সফরমার দুটি উদ্ধার, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং দ্রুত সেচ কার্যক্রম স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট বিদ্যুৎ বিভাগ ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী কৃষকেরা।








