Logo

হঠাৎ পেঁয়াজের দামে ধস, নতুন ফসল নিয়ে বাড়ছে আশঙ্কা

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
১৭ নভেম্বর, ২০২৬, ১৪:২৮
হঠাৎ পেঁয়াজের দামে ধস, নতুন ফসল নিয়ে বাড়ছে আশঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের অন্যতম প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনায় হঠাৎ করেই পেঁয়াজের বাজারে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। সাধারণত সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত সময়ে বাজারে পেঁয়াজের সরবরাহ কম থাকায় দাম বাড়ে। তবে এবার সেই প্রচলিত চিত্রের ব্যতিক্রম ঘটেছে। পুরোনো পেঁয়াজের বিপুল মজুত এবং নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার আগেই দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। লোকসানের আশঙ্কায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।

বিজ্ঞাপন

কৃষকদের ভাষ্য, বছরের এই সময়ে পেঁয়াজের বাজারে এমন দরপতন আগে খুব একটা দেখা যায়নি। গত বছর একই সময়ে প্রতি মণ পেঁয়াজের দাম ৬ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত উঠেছিল। অথচ এবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে মাত্র ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকায়।

সম্প্রতি জেলার গুরুত্বপূর্ণ পেঁয়াজের বাজার সুজানগর ও সদর উপজেলার হাজিরহাটে গিয়ে কৃষকদের সঙ্গে কথা বলে তাদের আর্থিক দুরবস্থার চিত্র পাওয়া গেছে।

সুজানগরের ভবানীপুর এলাকার কৃষক হাসান মোল্লা জানান, কৃষকদের মতো এত ক্ষতির মুখে অন্য কাউকে পড়তে হয় না। গত বছরের আগের বছর মুড়িকাটা পেঁয়াজ চাষ করে অনেক কৃষক ৫০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত লোকসান করেছিলেন। এবারও সংরক্ষণ করে রাখা পেঁয়াজের একটি বড় অংশ অসময়ে পচে নষ্ট হয়েছে। অবশিষ্ট পেঁয়াজ বিক্রি করতে গিয়েও ন্যায্য দাম মিলছে না।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এতো মাইর কেউ খায় না, যতটা কৃষক খায়।’ কয়েক মণ পেঁয়াজ বাজারে এনে ১ হাজার ৫০ ও ১ হাজার ১০০ টাকা মণ দরে বিক্রি করেছেন বলেও জানান তিনি।

সাঁথিয়ার বনগ্রামের কৃষক জাকির হোসেনও সংরক্ষণ করা পেঁয়াজ বিক্রি করে লোকসানের মুখে পড়েছেন। চার মণ পেঁয়াজ ১ হাজার ৫০ টাকা মণ দরে বিক্রি করার কথা জানিয়ে তিনি বলেন, ‘চার মণ পেঁয়াজ হাটে এনে ১০৫০ টাকা মণ দরে বিক্রি করলাম। হিসাব করে দেখলাম, এই পেঁয়াজ জমাতে আমার ৮ হাজার টাকা খরচ হয়েছিল। মানুষ এখন নিরুপায় হয়ে বিক্রি করছে, কিন্তু পেঁয়াজের কোনো দামই নেই।’

সদর উপজেলার চরতারাপুরের কৃষক মো. হানিফ বলেন, বছরের এই সময় সাধারণত পেঁয়াজের দাম বেশি থাকে। কিন্তু এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সামনে নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এতে জমিতে থাকা নতুন ফসল নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

কৃষকদের অভিযোগ, বাজারে ভালো দাম পাওয়ার আশায় তারা চড়া সুদে ঋণ নিয়ে পেঁয়াজ সংরক্ষণ করেছিলেন। দীর্ঘদিন সংরক্ষণের ব্যয়, উৎপাদন খরচ এবং শুকিয়ে ওজন কমে যাওয়ার কারণে প্রতি মণে তাদের বিনিয়োগ অনেক বেড়েছে। কিন্তু বিক্রির সময় উৎপাদন ও সংরক্ষণ ব্যয়ের তুলনায় অত্যন্ত কম দাম পাওয়া যাচ্ছে। ফলে মূলধন হারানোর আশঙ্কায় রয়েছেন অনেক চাষি।

আগামী মৌসুমের বাজার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন কৃষক সিদ্দিকুর রহমান। তিনি বলেন, ‘আর মাত্র এক-দেড় মাস পরই নতুন মুড়িকাটা পেঁয়াজ উঠবে। অথচ এখনো পুরোনো পেঁয়াজই ফুরায়নি। যে পরিমাণ পুরোনো পেঁয়াজ মজুদ আছে, তা দিয়ে আরও ৩-৪ মাস চলে যাবে। এই অবস্থায় নতুন পেঁয়াজ বাজারে এলে দাম আরও কমে ৭০০-৬০০ টাকায় নামতে পারে। তেমনটি হলে পুঁজি হারিয়ে কৃষক একেবারে ধ্বংস হয়ে যাবে।’

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে পাবনায় ৫৪ হাজার হেক্টর জমিতে প্রায় ১০ লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদিত হয়েছে। এর মধ্যে জেলার নিজস্ব চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদনের পরিমাণ প্রায় ৪ লাখ টন। সেপ্টেম্বরের শুরুতে কৃষকদের বাড়ি এবং কৃষি বিপণন অধিদপ্তরের ৩০০টি সংরক্ষণাগার মিলিয়ে প্রায় ১ লাখ টন পেঁয়াজ মজুত ছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

কৃষি কর্মকর্তাদের মতে, স্থানীয় চাহিদার তুলনায় অতিরিক্ত উৎপাদন এবং বাজারে বিপুল পরিমাণ পেঁয়াজের মজুত থাকায় বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ধরনের সংকট মোকাবিলায় উৎপাদনের পাশাপাশি পেঁয়াজ রপ্তানির বিষয়েও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন।

কৃষকদের লোকসান কমাতে দ্রুত বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার ওপর গুরুত্ব দিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামাণিক।

তিনি জানান, ভবিষ্যতে এ ধরনের সংকট এড়াতে পেঁয়াজ রপ্তানিমুখী করার সুনির্দিষ্ট পরিকল্পনা নেওয়া প্রয়োজন। কৃষকদের বড় ধরনের আর্থিক লোকসান থেকে রক্ষায় দ্রুত সময়ের মধ্যে বিদেশে পেঁয়াজ রপ্তানির নতুন বাজার খুঁজে বের করার প্রয়োজন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD