দোহারে কৃষক কার্ডে আগাম বার্তা পাবেন কৃষকরা

কৃষকদের কৃষিকাজে আবহাওয়াজনিত ঝুঁকি কমাতে কৃষক কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে আগাম আবহাওয়ার পূর্বাভাস পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ ব্যবস্থায় বৃষ্টি, তাপমাত্রার ওঠানামা ও প্রতিকূল আবহাওয়ার বিষয়ে আগেভাগেই সতর্ক হওয়ার সুযোগ পাবেন কৃষকরা।
বিজ্ঞাপন
সরকারি এ কর্মসূচির আওতায় ঢাকার দোহার উপজেলার আটটি ইউনিয়ন ও পৌর এলাকার কৃষকদের অন্তর্ভুক্ত করার প্রস্তুতি চলছে। আগামী চার বছরে সারাদেশে প্রায় ২ কোটি ৪০ লাখ কৃষককে কৃষক কার্ড কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।
দোহার উপজেলা কৃষি কর্মকর্তা নিয়াজ মোহাম্মদ মিঠুন জানান, উপজেলায় প্রায় ৩২ হাজার কৃষকের তথ্য নিয়ে ডাটাবেইজ তৈরির কাজ চলছে। এ লক্ষ্যে উপজেলা কৃষি কার্যালয়ের উদ্যোগে মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা ইউনিয়নভিত্তিক কৃষকদের তথ্য সংগ্রহ ও ডাটাবেইজ প্রস্তুত করছেন।
কৃষক কার্ডের মাধ্যমে কৃষকদের জন্য ১০ ধরনের সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে রয়েছে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ও সেচ সুবিধা, সরকারি ভর্তুকি ও প্রণোদনা, আবহাওয়ার আগাম তথ্য, কৃষি উপকরণ সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং কৃষি বীমাসহ বিভিন্ন সেবা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বাংলাদেশের কৃষি উৎপাদন অনেকটাই আবহাওয়ার ওপর নির্ভরশীল। অনিয়মিত বৃষ্টিপাত, অতিবৃষ্টি, খরা, তাপমাত্রার পরিবর্তন ও ঝড়ের কারণে প্রায়ই ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। আগাম আবহাওয়ার তথ্য কৃষকদের এসব ঝুঁকি মোকাবিলায় সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।
সরেজমিনে উপজেলার নারিশা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মালিকান্দা এলাকায় গিয়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম দেখা যায়। ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজ মেম্বারের বাড়িতে কৃষকদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়।
বিজ্ঞাপন
এ বিষয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা ও নারিশা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত শাহ আলম বলেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। উপসহকারী কৃষি কর্মকর্তারা গ্রামে গ্রামে গিয়ে সরাসরি কৃষকদের তথ্য নিয়ে কৃষক কার্ডের ডাটাবেইজ তৈরির কাজ করছেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম বলেন, কৃষক কার্ডধারীদের মোবাইল ফোনে স্বয়ংক্রিয়ভাবে আবহাওয়ার পূর্বাভাস পাঠানো এবং আবহাওয়াসংক্রান্ত তথ্য পৌঁছে দেওয়ার উদ্যোগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদী।
তিনি আরও জানান, দেশের সব কৃষককে একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় আনতে সরকার এ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে সারাদেশের কৃষকদের কাছে সরকারি কৃষিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে।








