সাদুল্লাপুরে শিম চাষে ঝুঁকছেন কৃষক, বেড়েছে আবাদ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলতি মৌসুমে শিম চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। গত কয়েক বছর ভালো দাম পাওয়ায় এবার অধিক লাভের আশায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে শিমের আবাদ বাড়িয়েছেন কৃষকরা।
বিজ্ঞাপন
উপজেলার ইদিলপুর, ভাতগ্রাম, ধাপেরহাট, জামালপুর ও খোর্দ্দকমরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় শিমসহ নানা ধরনের সবজি চাষ হচ্ছে। এসব এলাকার জমি সবজি চাষের উপযোগী হওয়ায় কৃষকরা শিমকে লাভজনক ফসল হিসেবে বেছে নিচ্ছেন।
কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েক বছর শিম চাষ করে তাঁরা আশানুরূপ ফলন ও ভালো দাম পেয়েছেন। এ কারণে চলতি মৌসুমে আগের তুলনায় বেশি জমিতে শিম চাষ করেছেন তাঁরা। তাঁদের আশা, উৎপাদন ও বাজারদর অনুকূলে থাকলে এ বছরও ভালো লাভ হবে।
কৃষকরা জানান, সাধারণত ভাদ্র মাসে জমিতে শিমের বীজ বপন বা চারা রোপণ করা হয়। কার্তিক মাসের শুরু থেকে শিম বিক্রি শুরু হয়। এরপর প্রায় সাত মাস ধরে সপ্তাহে দুই দিন শিম তুলে বাজারে বিক্রি করা যায়।
বিজ্ঞাপন
শিম বিক্রির আয় দিয়ে সংসারের দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার ব্যয়ও বহন করা সম্ভব হচ্ছে বলে জানান কৃষকরা। নিয়মিত আয় পাওয়ার সুযোগ থাকায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের কাছে শিম চাষ ক্রমেই গুরুত্বপূর্ণ অর্থকরী ফসলে পরিণত হচ্ছে।
কৃষকদের প্রত্যাশা, চলতি মৌসুমে শিমের ভালো ফলন ও ন্যায্য দাম পাওয়া গেলে তাঁদের আয় বাড়বে এবং পারিবারিক ব্যয় নির্বাহে আরও স্বস্তি আসবে।








