Logo

কৃষক কার্ডে ২ হাজার ৫০০ টাকা পাবেন ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১১ জুন, ২০২৬, ১৬:২৬
কৃষক কার্ডে ২ হাজার ৫০০ টাকা পাবেন ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা
ছবি: সংগৃহীত

ভূমিহীন ও প্রান্তিক কৃষকদের সহায়তায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির আওতায় প্রতি বছর ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা দেওয়ার প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে। এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী বলেন, কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তি করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে চলতি বছরের পয়লা বৈশাখ থেকে ‘কৃষক কার্ড’ চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া হবে।

আগামী অর্থবছরে ১০০ উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে কার্ড দেওয়া হবে। পর্যায়ক্রমে দেশের সব কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

কৃষক কার্ডধারীরা প্রতি বছর একবার ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুসারে শস্য, মৎস্য ও পশুপালন খাতে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদসহ মওকুফ করা হয়েছে। এ খাতে চলতি অর্থবছরে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ প্রতিপাদ্যে প্রস্তাবিত বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা এবং নিট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা।

ঘাটতি পূরণে বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা সংগ্রহের পরিকল্পনা করা হয়েছে। অভ্যন্তরীণ উৎসের মধ্যে ব্যাংক থেকে ১ লাখ ১২ হাজার কোটি এবং সঞ্চয়পত্রসহ অন্যান্য থেকে ১৫ হাজার কোটি টাকা নেওয়া হবে।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন (জিডিপি) ধরা হয়েছে ৬৮ লাখ ৩০ হাজার ২৪ কোটি টাকা। আগামী অর্থবছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য ৬.৫ শতাংশ এবং মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট উপস্থাপন করা হয়। এটি দেশের ৫৫তম বাজেট এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট। মন্ত্রিসভায় অনুমোদনের পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এতে সম্মতি দিয়েছেন। আগামী ১ জুলাই থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD