সিংড়ায় সারসংকটে চৈতালি আবাদ নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা

নাটোরের সিংড়ায় কৃষি বিভাগের দাবি, উপজেলায় পর্যাপ্ত সার মজুত রয়েছে। তবে কৃষকদের অভিযোগ, চাহিদা অনুযায়ী সার সংগ্রহ করতে পারছেন না তাঁরা। এতে চলনবিল অঞ্চলে চৈতালি ফসলের আবাদ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সময়মতো সার প্রয়োগ করতে না পারলে উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।
বিজ্ঞাপন
চলনবিলের পানি দ্রুত নেমে যাওয়ায় মাঠের জমি চাষাবাদের উপযোগী হয়ে উঠেছে। এ সময় সরিষা, গম, ভুট্টা, আলু, পেঁয়াজ, রসুন ও ক্ষীরা চাষের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। কিন্তু প্রয়োজনীয় সার না পাওয়ায় মৌসুমি ফসলের আবাদ নিয়ে তাঁদের উদ্বেগ বাড়ছে।
কৃষকদের অভিযোগ, সার সংগ্রহের জন্য কখনো ডিলার, কখনো কৃষি কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও চাহিদামতো সার মিলছে না। ফলে নির্ধারিত সময়ে জমিতে সার প্রয়োগ করা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কৃষকদের আশঙ্কা, সারের সংকট অব্যাহত থাকলে চৈতালি ফসলের আবাদ ব্যাহত হতে পারে। এতে কৃষিকাজের প্রতি আগ্রহ হারিয়ে অনেকেই বিকল্প হিসেবে জমিতে পুকুর খনন করে মাছ চাষের দিকে ঝুঁকতে পারেন। এমন পরিস্থিতিতে দেশের খাদ্যশস্য উৎপাদন ও জাতীয় শস্যভান্ডারেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। খাদ্যশস্যের ঘাটতি দেখা দিলে আমদানির মাধ্যমে তা পুরোপুরি পূরণ করাও কঠিন হতে পারে বলে মনে করছেন তাঁরা।
বিজ্ঞাপন
সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামের প্রান্তিক কৃষকদের সঙ্গে কথা বলে সারের সংকটের বিষয়টি জানা যায়।
সেখানকার কৃষক সাদেক হোসেন বলেন, এই মাঠে ৩০ বিঘা জমিতে সরিষা বপনের প্রস্তুতি নিয়েছি। কিন্তু চাহিদা অনুযায়ী সার সংগ্রহ করতে পারছি না। এ কারণে আমরা দুশ্চিন্তায় রয়েছি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় উপস্থিত অন্য কৃষকেরাও একই সমস্যার কথা তুলে ধরেন।
চলনবিল অঞ্চলে সারের সংকট প্রসঙ্গে সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান বলেন, “এ বছর পানি আগাম নেমে যাওয়ায় কৃষকরা চৈতালি আবাদের প্রতি বেশি আগ্রহী হয়েছেন। ফলে সারের ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। কৃষি অফিস থেকে নতুন করে সারের চাহিদা পাঠানো হয়েছে। অতি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে চাহিদা অনুযায়ী সার পাওয়া যাবে। তখন কৃষকদের সারের চাহিদা পূরণ করা সম্ভব হবে।”
এদিকে এলাকার সচেতন মহলের মতে, সিংড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল আনু গত ৭ নভেম্বর শনিবার সকালে সিংড়া কোর্ট মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত জনসভায় সারের বিষয়ে ডিলারদের সতর্ক করে বক্তব্য দেন। তাঁদের ধারণা, ওই বক্তব্যের পর সারের সিন্ডিকেট ভাঙার সম্ভাবনা তৈরি হয়েছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দ্রুত পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করা গেলে কৃষকরা সময়মতো সার কিনে নির্বিঘ্নে চৈতালি ফসলের আবাদ করতে পারবেন। এতে কৃষকের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশের খাদ্য চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে কৃষি উৎপাদন।








