Logo

দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর, ২০২৬, ১২:১৭
দেশে সারের মজুত ১৬ লাখ টন ছাড়াল, সংকট ঠেকাতে কঠোর নির্দেশ
ফাইল ছবি

দেশে রাসায়নিক সারের মজুত বেড়ে দাঁড়িয়েছে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে। গত বছরের একই সময়ের তুলনায় মজুত বেড়েছে ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন। আসন্ন রবি মৌসুমে কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে এবং কৃত্রিম সংকট প্রতিরোধে মাঠ প্রশাসন ও কৃষি কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এ বিষয়ে দেশের জেলা প্রশাসক এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কৃষি উৎপাদন ও খাদ্যনিরাপত্তা বজায় রাখতে প্রকৃত চাহিদা নিরূপণ, সঠিক বরাদ্দ এবং সার বিতরণ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের সর্বশেষ হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে সব ধরনের রাসায়নিক সারের মজুত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে সারের মোট মজুত ছিল ১৩ লাখ ৪৫ হাজার মেট্রিক টন। চলতি অর্থবছরে তা বেড়ে ১৬ লাখ ৭ হাজার ১০০ মেট্রিক টনে পৌঁছেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বর্তমানে দেশে ইউরিয়া সারের মজুত রয়েছে ৬ লাখ ৬ হাজার ৯০০ মেট্রিক টন। এছাড়া টিএসপি ৪ লাখ ৭ হাজার মেট্রিক টন, ডিএপি ৩ লাখ ৩১ হাজার ১০০ মেট্রিক টন এবং এমওপি ২ লাখ ৬২ হাজার ১০০ মেট্রিক টন মজুত রয়েছে।

বিজ্ঞাপন

চলতি ২০২৬-২৭ অর্থবছরে দেশে রাসায়নিক সারের মোট চাহিদা নির্ধারণ করা হয়েছে ৫৮ লাখ ৫ হাজার মেট্রিক টন। অর্থবছরের শুরু থেকে গত ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫০০ মেট্রিক টন সার বিতরণ করা হয়েছে।

বিতরণ করা সারের মধ্যে ইউরিয়া ৮ লাখ ৭৪ হাজার ৩০০ মেট্রিক টন, টিএসপি ২ লাখ ৭৫ হাজার ৩০০ মেট্রিক টন, ডিএপি ৪ লাখ ৬৩ হাজার মেট্রিক টন এবং এমওপি ৩ লাখ ৩৭ হাজার ৯০০ মেট্রিক টন। পাশাপাশি নভেম্বর মাসে কৃষকদের চাহিদা পূরণে আরও ৭ লাখ ১৪ হাজার ২০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে।

সার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি

বিজ্ঞাপন

আসন্ন রবি মৌসুমে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে কৃষি মন্ত্রণালয়। চলতি মৌসুমে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সারের প্রকৃত চাহিদা অনুযায়ী বরাদ্দ উত্তোলন নিশ্চিত করতে বলা হয়েছে।

আগের বছরের চাহিদা, বরাদ্দ ও মজুতের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনামূলক বিশ্লেষণ করে সম্ভাব্য ঘাটতিপ্রবণ উপজেলাগুলো চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে রবি মৌসুমের প্রকৃত চাহিদা নির্ধারণ করে আগাম মজুত ও সরবরাহ পরিকল্পনা তৈরি করতে হবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকদের মাঠপর্যায়ের তথ্য যাচাই করে নির্ধারিত সময়ে মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। কোনোভাবেই অতিরিক্ত কিংবা প্রয়োজনের তুলনায় কম চাহিদার তথ্য পাঠানো যাবে না।

বিজ্ঞাপন

সার বিক্রিতে অনিয়ম ঠেকাতে প্রতিটি ডিলারের দোকানে সরকার নির্ধারিত মূল্যতালিকা এবং মজুতের পরিমাণ দৃশ্যমান রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি, অতিরিক্ত দামে সার বিক্রি এবং সীমান্ত দিয়ে অবৈধভাবে সার পাচার বন্ধে নিয়মিত অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে বলা হয়েছে।

প্রকৃত কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষক কার্ড ও কৃষকের তালিকা ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া শিল্পকারখানায় কৃষি ব্যবহারের সার যেন অপব্যবহার না হয়, সে বিষয়েও কঠোর নজরদারি করতে হবে।

জেলা ও উপজেলা সার মনিটরিং কমিটির নিয়মিত সভা আয়োজন এবং গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দৈনিক অথবা সাপ্তাহিক ভিত্তিতে সার মজুত ও বিক্রির প্রতিবেদন সংশ্লিষ্ট জেলায় পাঠাতে হবে। ব্যবস্থাপনায় কোনো সমস্যা দেখা দিলে দ্রুত মন্ত্রণালয়কে অবহিত করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

কৃষকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, আসন্ন রবি মৌসুমে দেশের কৃষকদের কাছে সময়মতো ও ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং মাঠ প্রশাসন অত্যন্ত তৎপর রয়েছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি অনেক বেশি সন্তোষজনক এবং বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে।

তিনি বলেন, কৃষকদের মধ্যে কোনো ধরনের বিভ্রান্তি কিংবা কৃত্রিম সংকটের আশঙ্কা যেন তৈরি না হয়, সে জন্য উপপরিচালকসহ মাঠপর্যায়ের কর্মকর্তারা নিরলসভাবে কাজ করছেন।

বিজ্ঞাপন

কৃষকদের প্রয়োজনের অতিরিক্ত সার কিনে বাড়িতে মজুত না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, সব কৃষকই প্রয়োজনীয় সার পাবেন। কোনো ডিলার যাতে কৃত্রিম সংকট তৈরি করতে না পারে এবং প্রকৃত কৃষকরা যাতে সময়মতো সার পান, তা নিশ্চিত করতে কঠোর নজরদারি চলছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আবদুর রহিম আরও জানান, সার ব্যবস্থাপনা ও সরকারি পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় জোরদার করতে পুরো দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করা হয়েছে। প্রতিটি অঞ্চলের দায়িত্ব পালনের জন্য একজন করে মোট ১৪ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

রবি মৌসুমে সার সংকট হবে না: কৃষি সচিব

বিজ্ঞাপন

কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম খান বলেন, আসন্ন রবি মৌসুমে কৃষি উৎপাদন ও দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করাকে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। গত বছরের তুলনায় এবার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক হওয়ায় কৃষকদের জন্য স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে।

তিনি বলেন, কৃষকদের নিরবচ্ছিন্ন সার সরবরাহ নিশ্চিত করতে মাঠ প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কৃত্রিম সংকট তৈরি করে কোনো কৃষককে যেন হয়রানি করা না হয়, সে বিষয়ে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

কৃষি সচিব আরও বলেন, কঠোর মনিটরিংয়ের ফলে এবারও আমনের বাম্পার ফলন হয়েছে।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, দেশের উত্তরাঞ্চল কৃষি উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র এবং জাতীয় খাদ্যনিরাপত্তার গুরুত্বপূর্ণ উৎস। এ অঞ্চলে ফসলের নিবিড়তা বিবেচনায় নিয়ে রবি মৌসুমে সার সরবরাহ নির্বিঘ্ন রাখতে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের ২৬টি জেলায় কৃষি মন্ত্রণালয়ের ২৬ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সার ব্যবস্থাপনা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

সচিবের প্রত্যাশা, সরকারের পরিকল্পনা, সময়মতো সার উত্তোলন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের ফলে আসন্ন রবি মৌসুমে দেশে সারের কোনো ঘাটতি দেখা দেবে না। কৃষকরাও প্রয়োজন অনুযায়ী নির্ধারিত দামে সময়মতো সার পাবেন।

তথ্য সূত্র: বাসস

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD