Logo

টানা বৃষ্টিতে ডুবেছে ধানখেত, কৃষকের মাথায় হাত

profile picture
জেলা প্রতিনিধি
ঝিনাইদহ
২১ নভেম্বর, ২০২৬, ১৪:৩৪
টানা বৃষ্টিতে ডুবেছে ধানখেত, কৃষকের মাথায় হাত
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা দুই দিনের বৃষ্টিতে ঝিনাইদহের বিস্তীর্ণ ধানখেত পানির নিচে তলিয়ে গেছে। অনেক জমিতে পাকা ধানের গোছা পানিতে ডুবে থাকায় ফসল রক্ষায় ধানের ডগা কেটে নিচ্ছেন কৃষকরা। পাশাপাশি হালকা বাতাসে কাঁচা ধান মাটিতে পড়ে যাওয়ায় ফসল কাটতে ও ঘরে তুলতে বাড়তি শ্রমিক খরচ গুনতে হচ্ছে তাদের।

বিজ্ঞাপন

ধানের পাশাপাশি শীতকালীন শাকসবজি, সরিষা ও গমের আবাদও ক্ষতির মুখে পড়েছে। এতে চলতি মৌসুমে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি পরবর্তী ফসলের আবাদ পিছিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার ভবানীপুর, কুমড়াবাড়িয়া, রামনগর, গান্না ও মহারাজপুর এলাকায় পাকা ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। অধিকাংশ জমিতে বৃষ্টির পানি জমে থাকায় ধান কাটতে অন্তত আরও দুই সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে। এতে সরিষা, ছোলা, মসুর ও গম বপনের সময়ও পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকায় শীতকালীন সবজির খেতেও পানি জমেছে। চাষিদের আশঙ্কা, জমিতে দুই দিন পানি আটকে থাকলে সবজির গাছে পচন ধরতে পারে। জেলার কোটচাঁদপুর, মহেশপুর, কালীগঞ্জ, শৈলকুপা ও হরিণাকুণ্ডু উপজেলার ফসলের মাঠেও একই পরিস্থিতি দেখা গেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

সদর উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের কৃষক আনিচুর রহমান বলেন, একটানা বৃষ্টিতে ধানের মাঠে হাঁটুসমান পানি জমেছে। নিচু জমির ধান পানিতে ভাসছে। কেটে রাখা ধানও পানির নিচে ডুবে গেছে। এ কারণে ধানের ডগা কেটে নিতে হচ্ছে, এতে শ্রমিক খরচ বাড়ছে। পানিতে তলিয়ে থাকা ধানের দামও বাজারে কম পাওয়া যায়। সব মিলিয়ে তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।

কালুহাটি গ্রামের কৃষক মো. সোলাইমান বলেন, বৃষ্টিতে ধানের পাশাপাশি শীতকালীন সবজির খেতও অনেকটা নষ্ট হয়েছে। সরিষা ও গমের আবাদ পিছিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পানিতে ডুবে যাওয়া ধান কাটা ও মাড়াইয়ের খরচ দ্বিগুণ হয়ে গেছে। এত বাড়তি ব্যয় কীভাবে সামাল দেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে ঝিনাইদহে এক লাখ ৪ হাজার ৫০৬ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। এরই মধ্যে প্রায় ৩০ শতাংশ ধান মাড়াই সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ছয় উপজেলায় ৫ হাজার ৩৮০ হেক্টর জমিতে গম এবং ১৩ হাজার ৫২৬ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টির কারণে গম বপনের সময় অন্তত দুই সপ্তাহ পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে কৃষি বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. কামরুজ্জামান বলেন, বৈরী আবহাওয়ায় ধানের ক্ষতি কিছুটা বেশি হতে পারে। বৃষ্টির পানিতে শীতকালীন সবজির খেত নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। পাশাপাশি সরিষা, গম ও ভুট্টার বীজ বপন ও রোপণেও বিলম্ব হতে পারে।

তিনি আরও জানান, মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তাদের ফসলের ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মকর্তারা কাজ করছেন। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই নির্ধারণ করা সম্ভব হচ্ছে না।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD