Logo

রংপুর সীমান্তে ১০ মাসে ২২১ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৬১৫

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
২২ নভেম্বর, ২০২৬, ১৪:০০
রংপুর সীমান্তে ১০ মাসে ২২১ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৬১৫
ছবি : এআই দিয়ে তৈরি

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর রিজিয়ন চলতি বছরের প্রথম ১০ মাসে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। একই সময়ে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬১৫ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) সকালে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্থানীয় সংবাদকর্মীদের কাছে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রংপুর রিজিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের অধীন দায়িত্বপূর্ণ সীমান্তের দৈর্ঘ্য ১ হাজার ৬৬৮ দশমিক ৮৫৪ কিলোমিটার। এ অঞ্চলে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে চারটি সেক্টর এবং ১৫টি ব্যাটালিয়নের সদস্যরা বিভিন্ন অভিযান পরিচালনা করছেন।

অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১ দশমিক ৬৫৩ কেজি স্বর্ণ, ১৪টি আগ্নেয়াস্ত্র ও ৪১ রাউন্ড গুলি। পাশাপাশি বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

উদ্ধার করা মাদকের তালিকায় রয়েছে ১১ হাজার ৯১২ বোতল বিদেশি মদ, ৩ হাজার ২৯১ দশমিক ৭৯০ লিটার দেশি মদ, ৩ দশমিক ৯৬৬ কেজি হেরোইন, ১ হাজার ১ দশমিক ৯২ কেজি গাঁজা, ৫৪ হাজার ২২০ পিস ইয়াবা এবং ৬ হাজার ৪১৬ বোতল ফেনসিডিল।

এ ছাড়া ৩ হাজার ৫০৬ পিস ফেয়ারডিল, ২ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ বা আইস, ২ লাখ ৩৮ হাজার ৮০৭ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ লাখ ৪৬ হাজার ৩০২ পিস মদ তৈরির ট্যাবলেট, ১ লাখ ২৩ হাজার ৮৫৩ বোতল নেশাজাতীয় সিরাপ, ২৩ হাজার ৪১০ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ২ লাখ ১৫ হাজার ৩১৬ পিস ভারতীয় বিভিন্ন ধরনের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়। একইভাবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবৈধ পুশইন ঠেকাতে সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম বাড়ানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি সীমান্তবর্তী বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।

মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি জ্বালানি ও ভোজ্যতেলের অবৈধ মজুদ এবং কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা বন্ধেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সীমান্তবর্তী জনগণের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি। সীমান্ত নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর করতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ, জনসচেতনতা সৃষ্টি এবং সঠিক তথ্য প্রচারের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD