Logo

মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ

profile picture
উপজেলা প্রতিনিধি
মির্জাপুর, টাঙ্গাইল
২১ নভেম্বর, ২০২৬, ২০:৪৩
মির্জাপুরে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল কলেজছাত্রের মরদেহ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ হওয়ার দুই দিন পর রবিউল হোসেন (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বহুরিয়া ইউনিয়নের আড়াইপাড়া গ্রামের একটি পুকুরে তাঁর ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত রবিউল উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে। তিনি মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার পর পাশের আড়াইপাড়া গ্রামে রাজিব চাঁনের বাড়িতে আয়োজিত বার্ষিক ওরস মাহফিলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রবিউল। রাত ১১টার পর থেকে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান জানান, ওরস মাহফিলে গান শোনাকে কেন্দ্র করে গেড়ামারা গ্রামের কয়েকজন ছেলের সঙ্গে রবিউলের মারামারির ঘটনা ঘটেছিল বলে জানা গেছে। তবে ওই ঘটনার সঙ্গে তাঁর মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

রবিউলের বোনজামাই জহিরুল ইসলাম জানান, কয়েক বছর আগে রবিউলের বাবা মারা যান। তিন বোন ও মায়ের একমাত্র ভরসা ছিলেন তিনি। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে।

মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD