Logo

বধূ সাজে অপেক্ষায় কনে, যৌতুকের জন্য ভেঙ্গে গেল বিয়ে

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২১ নভেম্বর, ২০২৬, ২০:০২
বধূ সাজে অপেক্ষায় কনে, যৌতুকের জন্য ভেঙ্গে গেল বিয়ে
ছবি: সংগৃহীত

বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িতে আত্মীয়স্বজন ও অতিথিদের উপস্থিতি, রান্নাবান্না থেকে শুরু করে আপ্যায়নের প্রস্তুতিও শেষ। বধূ সাজে নতুন জীবনের স্বপ্ন নিয়ে বরের অপেক্ষায় ছিলেন কনে। কিন্তু নির্ধারিত দিনে বরযাত্রী নিয়ে হাজির হননি বর। অভিযোগ উঠেছে, যৌতুক হিসেবে অতিরিক্ত টাকা না পাওয়ায় বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে বরপক্ষ। এতে আনন্দঘন আয়োজন মুহূর্তেই পরিণত হয় হতাশা ও বিব্রতকর পরিস্থিতিতে।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের কাউয়ারগলা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতারণা, অর্থ আত্মসাৎ এবং যৌতুকের দাবিতে হুমকি দেওয়ার অভিযোগ এনে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন কনে ওমানপ্রবাসী খয়রুন বেগম।

থানায় দায়ের করা অভিযোগ অনুযায়ী, ৩৫ বছর বয়সী খয়রুন বেগম কাউয়ারগলা গ্রামের মন্তু মিয়ার মেয়ে। ওমানে অবস্থানকালে একই ইউনিয়নের জালালপুর গ্রামের ছোয়াব আলীর ছেলে আবাছ আলীর (৪০) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগে বলা হয়েছে, প্রবাসে থাকাকালে বিভিন্ন সময়ে আবাছ আলীকে মোট ৩ লাখ ৫০ হাজার টাকা দেন খয়রুন। প্রায় এক মাস আগে দেশে ফেরার পর দুই পরিবারের সম্মতিতে ২০ নভেম্বর বিয়ের দিন নির্ধারণ করা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কনের অভিযোগ, বিয়ের প্রস্তুতির একপর্যায়ে বরপক্ষ যৌতুক হিসেবে একটি মোটরসাইকেল দাবি করে। এ নিয়ে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বরপক্ষের লোকজন কনের বাড়িতে গেলে উপস্থিত সাক্ষীদের সামনে মোটরসাইকেল কেনার জন্য নগদ ১ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়।

এরপর বিয়ের আনুষ্ঠানিকতা ঘিরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের দাওয়াত দেওয়া হয়। অতিথিদের আপ্যায়নের জন্য রান্নাবান্নাসহ প্রয়োজনীয় সব প্রস্তুতিও সম্পন্ন করা হয়। এসব আয়োজন করতে কনেপক্ষের প্রায় ২ লাখ টাকা ব্যয় হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

কিন্তু শুক্রবার দুপুর পর্যন্ত বরপক্ষের কেউ বিয়ের অনুষ্ঠানে না আসায় তাদের সঙ্গে যোগাযোগ করা হয়। তখন বরপক্ষের পক্ষ থেকে জানানো হয়, মোটরসাইকেল কেনার জন্য দেওয়া টাকার বাইরে আরও দেড় লাখ টাকা দিতে হবে। অতিরিক্ত এই অর্থ না দিলে বিয়ে হবে না বলেও জানিয়ে দেওয়া হয়। কনেপক্ষের দাবি, বারবার অনুরোধ করেও বরপক্ষকে সিদ্ধান্ত পরিবর্তনে রাজি করানো সম্ভব হয়নি।

এ ঘটনায় সামাজিকভাবে বিব্রতকর অবস্থায় পড়েছে কনের পরিবার। খয়রুন বেগমের বড় ভাই মইন উদ্দিন বলেন, “আমার বোনকে বিয়ের দিন বধূ সাজে সজ্জিত করা হয়। সমাজের লোকজন বিয়ের খাবারও খেয়ে গেছেন কিন্তু যৌতুকের জন্য বরপক্ষ আসলো না। এখন সমাজে মুখ দেখাবো কী করে? বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।”

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে যৌতুক নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন বরের ভাই ইয়াসিন মিয়া। তার দাবি, বরপক্ষ কোনো যৌতুক গ্রহণ করেনি। তিনি বলেন, “আমরা এক টাকাও যৌতুক নেইনি। আমার ভাইয়ের পাওনা টাকা বাবদ এক লাখ টাকা নিয়েছি । আমার ভাই এবং ওই মহিলা একসঙ্গে প্রবাসে ছিলেন, সেখানে মেয়ের আগের বিয়ে ও সন্তান আছে জেনেও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।”

এ বিষয়ে কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ দাস জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি সামাজিকভাবে সমাধানের আশ্বাস দেন। তাদের উদ্যোগে নিষ্পত্তি সম্ভব না হলে পরবর্তী সময়ে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD