সাজেকে সেনাবাহিনী-জেএসএসের মধ্যে কয়েক দফা গোলাগুলি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সাজেক ইউনিয়নের মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞাপন
শনিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় এ গোলাগুলি হয়। তবে এ ঘটনায় হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৯টার দিকে মাচালংয়ের ১৪ কিলো এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করছিল। এ সময় সশস্ত্র আঞ্চলিক সংগঠন জেএসএসের সদস্যরা টহল দলকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে। এর জবাবে সেনাসদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। এতে দুই পক্ষের মধ্যে থেমে থেমে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে।
তবে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে জেএসএস। সংগঠনটির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, সাজেকের কোনো এলাকায় গোলাগুলির বিষয়ে তাদের কাছে তথ্য নেই। মাচালং এলাকায় তাদের কোনো দলও অবস্থান করছে না। এ ধরনের খবর সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছে সংগঠনটি।
বিজ্ঞাপন
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, গত কয়েক দিন ধরে সাজেকের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শোনা যাচ্ছে। শনিবার সকাল ৯টা থেকে সংশ্লিষ্ট এলাকায় থেমে থেমে কয়েক দফা গোলাগুলির ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে, গোলাগুলির ঘটনা নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে এখনো স্পষ্ট তথ্য জানা যায়নি।








