ইশারা আর চোখের ভাষায় এক হলো দুই জীবন, শুরু নতুন পথচলা

বাড়িজুড়ে বিয়ের আয়োজন, স্বজনদের আনন্দ-উল্লাস। তবে বর-কনের মধ্যে নেই মুখের কথার আদান-প্রদান। ইশারা আর চোখের ভাষাতেই প্রকাশ করছেন ভালোবাসা ও আবেগের অনুভূতি। কারণ বর ও কনে দুজনই জন্ম থেকে বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী। তবু তাঁদের নতুন জীবন শুরুর স্বপ্নে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি এই শারীরিক সীমাবদ্ধতা।
বিজ্ঞাপন
দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন গোলাম সাকওয়াত সম্পদ ও নিলিমা জাহান নিতু। তাঁদের বিয়ে ঘিরে দুই পরিবারে তৈরি হয়েছে আনন্দের আবহ।
বর গোলাম সাকওয়াত সম্পদ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ভেড়ভেড়ি মাঝাপাড়া এলাকার শিক্ষক গোলাম আজমের ছেলে। আর কনে নিলিমা জাহান নিতু ঢাকার সাভারের নুর হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) রাতে দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জন্ম থেকেই বাক্ ও শ্রবণপ্রতিবন্ধী হলেও পরিবারের সহযোগিতা ও ভালোবাসায় বেড়ে উঠেছেন তাঁরা। নিজেদের মতো করে জীবনযাপন ও সামাজিক কর্মকাণ্ডেও অংশ নিয়েছেন দুজন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বরের বাবা গোলাম আজম বলেন, দুই পরিবারের সম্মতিতে তাঁদের বিয়ের সিদ্ধান্ত হয়। মেয়েটিও বাক্প্রতিবন্ধী। ইতোমধ্যে বিয়ে রেজিস্ট্রি সম্পন্ন হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি সময়ে আনুষ্ঠানিকভাবে কনেকে বাড়িতে নিয়ে আসা হবে।
তিনি আরও বলেন, আমার ছেলে নিজেই অনেক কাজ করতে পারে এবং কম্পিউটারের কাজও জানে। আমার যতটুকু সম্পদ রয়েছে তা দিয়ে তাদের ভালোভাবেই চলবে বলে আশা করি।
বিজ্ঞাপন
এই বিয়ে শুধু দুই পরিবারের নতুন আত্মীয়তার বন্ধন নয়, বরং ইশারা, অনুভূতি ও পারস্পরিক বোঝাপড়ায় গড়ে ওঠা এক নতুন জীবনের সূচনা। কথা কিংবা শব্দের বদলে মনের ভাষাকেই সঙ্গী করে পথচলা শুরু করলেন সম্পদ ও নিতু।








