Logo

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি করে রিপনের প্রতিবাদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
মধুখালী, ফরিদপুর
২১ নভেম্বর, ২০২৬, ১৯:২৪
নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে মিথ্যা দাবি করে রিপনের প্রতিবাদ
ছবি: সংগৃহীত

নিজের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমসহ কয়েকটি মাধ্যমে প্রকাশিত সংবাদকে একপাক্ষিক, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ জানিয়েছেন কে এম রকিবুল ইসলাম রিপন। প্রকাশিত সংবাদগুলোর নিরপেক্ষ পর্যালোচনা, প্রকৃত ঘটনা অনুসন্ধান এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনী বা প্রতিবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ফরিদপুরের মধুখালী উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন রিপন।

কে এম রকিবুল ইসলাম রিপন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাবেক সদস্য, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ফরিদপুর-১ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি।

লিখিত বক্তব্যে তিনি জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শনে অনুপ্রাণিত হয়ে প্রায় ২৮ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন। ছাত্রদল, যুবদল ও মৎস্যজীবী দলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা, হামলা ও হয়রানির মুখোমুখি হয়েছেন বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

রিপনের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের শাসনামলে রাজনৈতিক কারণে বিভিন্ন জেলায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছিল। এমনকি বিএনপির সাবেক মহাসচিব ও বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁকেও একটি মামলায় আসামি করা হয়েছিল।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকটি পেজে তাঁকে নিয়ে প্রকাশিত সংবাদ সম্পর্কে রিপন অভিযোগ করেন, এসব প্রতিবেদনে ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট তুলে ধরা হয়নি। সংশ্লিষ্ট সবার বক্তব্য গ্রহণ এবং প্রয়োজনীয় তথ্য যাচাই না করেই একপাক্ষিকভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে।

এস টিভি নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, হাইকোর্টের জামিনসংক্রান্ত একটি বিষয় নিয়ে একজন নারীর বক্তব্য প্রচার করা হলেও তাঁর নিজের বক্তব্য নেওয়া হয়নি। পাশাপাশি ঘটনার প্রকৃত পরিস্থিতি বোঝার জন্য অন্য পক্ষের বক্তব্যও প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

অন্য একটি প্রতিবেদন প্রসঙ্গে রিপন বলেন, পারিবারিক বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট বিবাদ এবং পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত সালিশের ঘটনাকে কেন্দ্র করে তাঁকে জড়িয়ে নেতিবাচক সংবাদ প্রকাশ করা হয়েছে। অথচ বিবাদের উভয় পক্ষ, প্রত্যক্ষদর্শী ও সালিশে উপস্থিত ব্যক্তিদের বক্তব্য নেওয়া হয়নি বলে তাঁর দাবি।

তিনি বলেন, কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে তা সংবাদমাধ্যমে প্রকাশ করা যেতে পারে। তবে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া, তথ্য যাচাই করা এবং ঘটনার প্রকৃত প্রেক্ষাপট তুলে ধরা সাংবাদিকতার মৌলিক দায়িত্ব।

সংবাদ সম্মেলনে রিপন আরও অভিযোগ করেন, কিছু অনিবন্ধিত সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও কথিত সংবাদমাধ্যম ব্যবহার করে বিএনপি এবং দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা চলছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে রিপন বলেন, সংবাদমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ পেশার প্রতি সাধারণ মানুষের আস্থা ও প্রত্যাশা অনেক বেশি। তাই ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হলে সাংবাদিক সমাজের সামগ্রিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়।

তবে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাঁকে অপরাধী হিসেবে বিবেচনা করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, যেকোনো অভিযোগের সত্যতা যথাযথ তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন।

নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদগুলোর নিরপেক্ষ পর্যালোচনা এবং প্রকৃত ঘটনা অনুসন্ধানের আহ্বান জানিয়ে রিপন বলেন, প্রয়োজনীয় ক্ষেত্রে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোকে সংশোধনী বা প্রতিবাদ প্রকাশ করতে হবে। একই সঙ্গে সাংবাদিক সমাজের প্রতিনিধিদের বিষয়টি নিরপেক্ষভাবে বিবেচনা করে সত্য অনুসন্ধানে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যের শেষাংশে নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেন রিপন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে যথাযথ তথ্য-প্রমাণসহ তা উপস্থাপন এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি হায়দার মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস। এ ছাড়া উপজেলা যুবদলের সভাপতি এস এম মুক্তার হোসেন, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম এনামুল, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ্দাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক লিটন, উপজেলা ওলামা দলের সভাপতি রাজিব, পৌর যুবদল নেতা মাহবুবসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD