Logo

শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের বিচার চেয়ে পাগলা মসজিদে জামাইয়ের চিঠি

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
২১ নভেম্বর, ২০২৬, ১৯:০১
শ্বশুরবাড়ির সদস্যদের নির্যাতনের বিচার চেয়ে পাগলা মসজিদে জামাইয়ের চিঠি
ছবি: সংগৃহীত

শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, প্রতারণা ও পারিবারিক নির্যাতনের অভিযোগ তুলে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে চিঠি দিয়েছেন এক ব্যক্তি। নিজের পরিচয় গোপন রেখে লেখা ওই চিঠিতে প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা ক্ষতির হিসাব তুলে ধরেছেন তিনি। পৃথিবীতে ন্যায়বিচার না পেয়ে শেষ ভরসা হিসেবে মহান আল্লাহর কাছে বিচার চেয়েছেন ওই ব্যক্তি।

বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খোলার পর অর্থ গণনার সময় চিঠিটি পাওয়া যায়। এতে শাশুড়ি, শালা ও শালীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে নিজের অসহায়ত্বের কথা জানিয়েছেন চিঠির লেখক।

চিঠিতে ওই ব্যক্তি লিখেছেন, পার্থিব জীবনে বিচার না পেয়ে তিনি মহান আল্লাহর দরবারে ন্যায়বিচার প্রার্থনা করছেন। তাঁর ভাষ্য, তিনি অত্যন্ত অসহায় এবং আল্লাহ ছাড়া তাঁর আর কেউ নেই।

চিঠির বিবরণ অনুযায়ী, স্ত্রীর মোবাইল ব্যাংকিং হিসাব থেকে ৩ লাখ ৫৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি স্ত্রীর প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ এবং শ্যালককে ব্যবসা প্রতিষ্ঠা করে দিতে গিয়ে কয়েক লাখ টাকা লোকসানের কথাও উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শুধু আর্থিক ক্ষতিই নয়, মাত্র ২০ মাস বয়সী শিশুসন্তানকে শ্যালকের হাতে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগও তুলেছেন তিনি। এ ছাড়া স্ত্রীর মোবাইল ফোন নিয়ে যাওয়ার ঘটনাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযোগে বলা হয়, স্ত্রীর মোবাইল ফোন নিয়ে যাওয়ার পর তাঁর মোবাইল ব্যাংকিং হিসাব অন্য একটি ফোনে চালু করা হয়। এরপর বিভিন্ন লেনদেনের মাধ্যমে ওই হিসাব থেকে টাকা সরিয়ে নেওয়া হয় বলে দাবি করেছেন চিঠির লেখক। এ ঘটনায় গত ১২ জুন থানায় লিখিত অভিযোগও করেছিলেন তিনি। পরে পুলিশের উদ্যোগে অনুষ্ঠিত বৈঠকে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হলেও শেষ পর্যন্ত কোনো প্রতিকার পাননি বলে জানিয়েছেন।

স্ত্রীর স্বর্ণালংকার নিয়েও বিস্তারিত অভিযোগ তুলে ধরেছেন ওই ব্যক্তি। তাঁর দাবি, ২০২৫ সালের ঈদুল আজহার সময় নিরাপত্তার স্বার্থে স্ত্রীর প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার শ্বশুরের কাছে রাখা হয়েছিল। পরবর্তী সময়ে সেগুলো ফেরত চাইলে স্বর্ণ চুরি হয়ে যাওয়ার কথা জানানো হয়। তবে খোঁজখবর নিয়ে স্বর্ণালংকার বিক্রি করে দেওয়ার তথ্য পেয়েছেন বলে দাবি করেছেন তিনি।

এ ছাড়া ২০২২ সালে শ্যালককে স্বাবলম্বী করার উদ্দেশ্যে নির্মাণসামগ্রীর ব্যবসা গড়ে দিতে কয়েক লাখ টাকা বিনিয়োগ করেছিলেন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। কিন্তু শ্যালকের অনলাইন জুয়ায় আসক্তির কারণে ব্যবসাটি ক্ষতিগ্রস্ত হয়ে একপর্যায়ে বন্ধ হয়ে যায় বলে অভিযোগ তাঁর।

বিজ্ঞাপন

সব অভিযোগ ও আর্থিক হিসাব মিলিয়ে ব্যাংক হিসাবে জমা টাকা, স্বর্ণালংকার, ব্যবসায় বিনিয়োগ এবং অন্যান্য ব্যয়সহ মোট প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা ক্ষতির দাবি করেছেন চিঠির লেখক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

চিঠির শেষাংশে নিজের দুর্দশার কথা তুলে ধরে মহান আল্লাহর কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন তিনি। একই সঙ্গে তাঁর অভিযোগগুলো সত্য হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অভিযুক্ত ব্যক্তিদের সঠিক পথে পরিচালিত করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানিয়েছেন।

উল্লেখ্য, কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে সাধারণত বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী জমা পড়ে। তবে এসব দানসামগ্রীর পাশাপাশি প্রায়ই পাওয়া যায় মানুষের ব্যক্তিগত অনুভূতি, আকুতি, মনোবাসনা ও নানা সমস্যার কথা লেখা চিঠি। এবারও দানবাক্সে পাওয়া গেল পারিবারিক বিরোধ, আর্থিক ক্ষতি এবং ন্যায়বিচারের আকুতি জানিয়ে লেখা এক ব্যক্তির চিঠি।

তবে চিঠিতে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যও পাওয়া যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD