নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে বিরিশিরি বাজারসংলগ্ন শাখাটিতে এ ঘটনা ঘটে। একটি পেট্রলবোমা বিস্ফোরিত হয়ে আগুন ধরলেও অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। তবে আনসার সদস্যদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
বিজ্ঞাপন
গ্রামীণ ব্যাংকের বিরিশিরি শাখার ব্যবস্থাপক মো. শামসুল হক জানান, গভীর রাতে রাস্তার দিক থেকে কাচের বোতলে পেট্রলভর্তি একটি বোমা কার্যালয় লক্ষ্য করে ছুড়ে মারা হয়। সে সময় বাইরে আনসার সদস্যরা পাহারায় ছিলেন। বিস্ফোরণের শব্দ শুনে তাঁরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে সেখানে পেট্রলভর্তি আরও একটি কাচের বোতল পড়ে থাকতে দেখা যায়, যা বিস্ফোরিত হয়নি।
তিনি আরও জানান, পেট্রলবোমাটি কার্যালয়ের ভেতরে প্রবেশ না করায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে প্রবেশগেটের সামনে রাখা একটি মোটরসাইকেলের পেছনের কিছু অংশ আগুনে পুড়ে গেছে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, শুক্রবার দিবাগত রাত ১টা ৩৪ মিনিটে দুর্বৃত্তরা পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় ছিল। আনসার সদস্যদের দ্রুত পদক্ষেপে আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
শাখা ব্যবস্থাপক মো. শামসুল হক আরও জানান, শনিবার সকালে পুলিশ সুপার, দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও শাখা কার্যালয় পরিদর্শন করেছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে নেত্রকোনার ঠাকুরাকোনা, কুমড়ী, মৌগাতি, চল্লিশা, আমতলা এবং পূর্বধলার খলিশাউড়াসহ জেলার বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাংকের একাধিক শাখা কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একের পর এক এসব ঘটনায় ব্যাংকের শাখা কার্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।








