বিয়ের আবদার পূরণ না হওয়ায় বৈদ্যুতিক খুঁটিতে উঠে গেল কিশোর

রাজশাহীর তানোরে বিয়ের দাবিতে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে ১৬ বছর বয়সী এক কিশোর। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যার আগে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের দাবিতে হঠাৎ গ্রামের পাকা রাস্তার পাশের পল্লী বিদ্যুতের একটি খুঁটিতে উঠে যায় ওই কিশোর। তাকে খুঁটি থেকে নামানোর চেষ্টা করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। তবে দীর্ঘ সময় চেষ্টা করেও তারা সফল হননি।
খবর পেয়ে দ্রুত ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। পরে তানোর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে নামানোর চেষ্টা শুরু করেন। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর তাকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
কিশোরের বাবা জানান, তার ছেলে বাক্প্রতিবন্ধী। বেশ কিছুদিন ধরে সে বিয়ে করার আবদার জানিয়ে আসছিল। এ কারণেই সেদিন সন্ধ্যার আগে বাড়ি থেকে বের হয়ে বিদ্যুতের খুঁটিতে উঠে পড়ে। পরিবারের সদস্য ও গ্রামবাসী চেষ্টা করেও তাকে নামাতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করেন।
তিনি আরও জানান, এর আগেও গত ২৭ ফেব্রুয়ারি মোবাইল ফোনের দাবিতে গ্রামের মাঠের একটি বিদ্যুতের খুঁটিতে উঠেছিল তার ছেলে।
তানোর ফায়ার স্টেশনের ইনচার্জ আব্দুল রউফ বলেন, “এক কিশোর বৈদ্যুতিক খুঁটিতে উঠে পড়ার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে যাই। প্রথমে তাকে নেমে আসতে বলা হলে সে নামছিল না। পরে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাকে নামিয়ে আনি।”
বিজ্ঞাপন
তিনি জানান, বৈদ্যুতিক খুঁটিটির উচ্চতা প্রায় ৩০ ফুট। উদ্ধার হওয়ার পর কিশোরটি সুস্থ রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।








