ডাকসু নেতা মোসাদ্দিকের বাড়িতে দুই দফায় হামলা-আগুন

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতে দুই দফায় হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করেছেন মোসাদ্দিক।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাত ও দুপুরে উপজেলার মোচনা ইউনিয়নের ঘুনসি গ্রামে অবস্থিত তাঁর পৈতৃক বাড়িতে এসব ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোররাতে বাড়িটির একটি কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই কক্ষটি ছিল মোসাদ্দিকের ফুফুর। আগুন দেওয়ার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে বাড়ির একাংশ পুড়ে যায়।
এরপর দুপুরের দিকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লগি-বইঠা নিয়ে স্লোগান দিতে দিতে একদল ব্যক্তি তাঁর বাবার বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে হামলার আগেই পরিবারের সদস্যরা নিরাপদ স্থানে সরে যাওয়ায় কেউ হতাহত হননি।
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বেশ কয়েকদিন ধরে প্রচারণা চালানোর পাশাপাশি তাঁর বাড়ি পুড়িয়ে দেওয়ার এবং সেখানে থাকা পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, আজ ভোররাতে ফজরের সময় আমার ঘরের পাশে আমার ফুফুর ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরে দুপুরের দিকে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লগি বইঠা নিয়ে স্লোগান দিয়ে আমাদের বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ করে। আমার পরিবারের লোকজন আগেই টের পেয়ে বাড়ি থেকে সরে যায়। যার কারণে পরিবারের কারো তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এ ঘটনায় জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন বলেও জানান মোসাদ্দিক।
বিজ্ঞাপন
এ বিষয়ে তিনি বলেন, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ফোন করে তাঁর সার্বিক খোঁজখবর নিয়েছেন। গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পরামর্শ দিয়েছেন এবং মহান আল্লাহর সাহায্য ও সহযোগিতা কামনা করে দোয়া করেছেন।








