নাশকতা ঠেকাতে চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন উপজেলায় নাশকতা এবং সহিংসতা প্রতিরোধে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে নগর এলাকায় ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় আরও ছয় প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেল থেকে বিজিবি সদস্যদের মোতায়েন কার্যক্রম শুরু হয়। এরপর নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি সদস্যদের সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম মহানগরে ছয় প্লাটুন এবং জেলার বিভিন্ন উপজেলায় ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।








