Logo

ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৯ নভেম্বর, ২০২৬, ২১:১২
ফ্যাসিস্ট আওয়ামী সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি অভিযোগ করেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের খুনি চক্র আবারও হত্যার রাজনীতি শুরু করেছে। মানুষ হত্যা করে দেশে আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে তারা। এসব অপতৎপরতা রাজনৈতিকভাবে মোকাবিলা করার পাশাপাশি সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সুলতান সালাউদ্দিন টুকু। দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রতিমন্ত্রী টুকু বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের শাসনামলে বিএনপির অসংখ্য নেতাকর্মী হত্যা, গুম ও নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও ছয় বছর কারাভোগ করতে হয়েছে। নির্যাতনের মাত্রা সব সীমা ছাড়িয়ে গিয়েছিল। পরে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই খুনি চক্রকে বিতাড়িত করেছে। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন পার্শ্ববর্তী দেশে বসে বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। এত কিছুর পরও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এর অর্থ, তারা জনগণের ওপর নির্ভর করে রাজনীতি করতে চায় না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, যারা দেশের ক্ষতি করতে চায়, তারা দেশের শত্রু, স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আবারও হত্যার পথ বেছে নিয়েছে। গত দুই দিনে বিএনপির তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। মানুষ হত্যা করে দেশে রাজত্ব কায়েম করাই তাদের উদ্দেশ্য।

বিজ্ঞাপন

বিএনপির এই নেতা নেতাকর্মীদের উদ্দেশে বলেন, প্রত্যেকটি অলিগলি, পাড়া-মহল্লায় আমাদের দুর্গ গড়ে তুলতে হবে। কারণ, তারা এই দেশের ভালো চায় না। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি আমরা। দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রশ্নে আমরা কখনো আপস করব না।

দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের প্রত্যেক মানুষ আজ শান্তি চায়, আইনের শাসন চায়। আমরা বাংলাদেশকে বুকে ধারণ করে পথ চলতে চাই, দেশ গঠন করতে চাই এবং দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাই।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এই কাজে যারা বাধা দেবে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে কিংবা আগুন সন্ত্রাস চালাবে, তাদের অপকর্মের হাত ভেঙে দেওয়া হবে। টাঙ্গাইলে সন্ত্রাসের কোনো জায়গা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি আমাদের রুখতে পারবে না।

বিজ্ঞাপন

এর আগে টাঙ্গাইল শহরের পৌর উদ্যান থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসস্ট্যান্ড ঘুরে মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু। এতে জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেন। এ সময় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD