নড়াইলে কৃষকদল-জাসাসের ২ নেতার বাড়িতে শোকের মাতম

নড়াইলের কালিয়ায় হামলায় নিহত পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক শাহীন মোল্যা ও উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যার বাড়িতে চলছে শোকের মাতম। প্রিয়জনকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে দুই বাড়ির পরিবেশ।
বিজ্ঞাপন
বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিযোগ, নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় শাহীন ও সোহেল নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের পরিবার ও দলীয় নেতাকর্মীরা।
নিহত শাহীন মোল্যার বাবা নিছার উদ্দিন মোল্যা আহাজারি করে বলেন, “যারা আমার ছেলেটাকে মেরেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এখন আমার বয়স ৭০ বছরের বেশি, এই বয়সে আমি কী করব?”
শাহীন মোল্যার স্ত্রী রিমা বেগম বলেন, “আমি বিধবা হয়ে গেলাম। এখন আমি কী নিয়ে বাঁচব? স্বামী হত্যার দ্রুত বিচার চাই।”
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
অন্যদিকে, নিহত সোহেল মোল্যার বড় ভাই বলেন, “আমার ভাইয়ের অপরাধ কী ছিল? আমরা নিঃস্ব হয়ে গেলাম। আমরা তো বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে গিয়েছিলাম।”
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালিয়া উপজেলা মডেল মসজিদ চত্বরে শাহীন ও সোহেলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, কালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু, সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিজ্ঞাপন
দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। মিছিলটি কালিয়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সন্ধ্যায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির বাড়ির সীমানা অতিক্রম করার সময় হামলার শিকার হয়। বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, এ সময় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়ে শাহীন ও সোহেল মোল্যাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান, শাহীন ও সোহেল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি।








