ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আহত ২২

ঝালকাঠির নলছিটিতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ২২ জন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে ঝালকাঠি-নলছিটি ও বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দুর্ঘটনা দুটি ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে ঝালকাঠি-নলছিটি আঞ্চলিক মহাসড়কের ষাটপাকিয়া এলাকায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ষাটপাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনায় ট্রলিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন। ঘটনাস্থলেই ফোরকান গাজী (৩৫) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি ঝালকাঠির মরতুজা গাজীর ছেলে। এ ঘটনায় আহত দুজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠান।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এর কয়েক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের দপদপিয়া এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। বরিশাল থেকে ছেড়ে আসা গ্রিনভিউ পরিবহন ও কুয়াকাটা থেকে আসা আবদুল্লাহ পরিবহনের মধ্যে এ সংঘর্ষ ঘটে।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয়দের ধারণা, বৈরী আবহাওয়ার মধ্যে সড়কের বাঁকে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের পর বাস দুটি সড়কের পাশে ছিটকে পড়ে। এ সময় গ্রিনভিউ পরিবহনের হেলপার চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় দুই বাসের চালক ও যাত্রীসহ অন্তত ২০ জন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনা দুটির তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রলি উল্টে একজন এবং বাসের মুখোমুখি সংঘর্ষে আরেকজন নিহত হয়েছেন। দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাস দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








