এবার মুকসুদপুর থানায় আগুন দিলো নিষিদ্ধ ছাত্রলীগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এ হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১টা) হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে তাঁরা মুকসুদপুর থানার সামনে গিয়ে অবস্থান নেন।
পরে থানার দিকে ইটপাটকেল নিক্ষেপ করে হামলাকারীরা ভেতরে প্রবেশ করেন। সেখানে ব্যাপক ভাঙচুর চালানোর পর থানার ভেতরে ও বাইরে রাখা গাড়িগুলোতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিজ্ঞাপন
এতে থানার ভেতরে থাকা আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি বাইরে রাখা বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। স্থানীয়দের দাবি, হামলার সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার বিষয়ে জানতে কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে হামলা ও অগ্নিসংযোগের বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা থানা ঘেরাও করে এ হামলা চালান বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞাপন
সেই ঘটনায়ও থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি গাড়ি পুড়ে যায়। হামলার পর পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান। পরপর দুই থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।








