Logo

ভৈরবে চলন্ত বাসে ককটেল হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

profile picture
জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ
১৯ নভেম্বর, ২০২৬, ১২:৩৪
ভৈরবে চলন্ত বাসে ককটেল হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসটি লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করা হয়। তবে চালকের দ্রুত পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও যাত্রী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা ‘যাতায়াত’ পরিবহনের একটি বাস ভৈরবের দিকে যাওয়ার পথে দুর্বৃত্তদের আক্রমণের শিকার হয়।

বাসচালকের ভাষ্য অনুযায়ী, বাসটি জগন্নাথপুর এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়ির সামনের অংশ লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছোড়ে। বিস্ফোরণের পর বাসের সামনের কাচে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝতে পেরে চালক দ্রুত বাসটি থামান। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয় এক প্রত্যক্ষদর্শীর দাবি, দুটি মোটরসাইকেলে মোট ছয়জন হামলাকারী ছিল। মোটরসাইকেল দুটির একটি ইয়ামাহা আর-ওয়ান-ফাইভ এবং অন্যটি ডিসকভার মডেলের। হামলার কিছুক্ষণ আগেও তাদের ওই সড়কে ঘোরাফেরা করতে দেখা যায়। পরে ফিরে এসে চলন্ত বাসটিকে লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

প্রত্যক্ষদর্শী আরও বলেন, হামলাকারীরা স্থানীয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুষ্কৃতকারী। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে ভৈরব থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে হামলার বিষয়ে জানতে চাইলে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি।

বাসে যাত্রীসংখ্যা কম থাকায় এ ঘটনায় প্রাণহানি বা শারীরিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জনবহুল মহাসড়কে চলন্ত বাসে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD