Logo

পছন্দের নয় বর, বিয়ের আসরে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে!

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
১৯ নভেম্বর, ২০২৬, ১৫:২১
পছন্দের নয় বর, বিয়ের আসরে বিষ মেশানো মিষ্টি  পাঠালেন কনে!
ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগমুহূর্তে বরের জন্য আনা বিশেষ মিষ্টি ঘিরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হওয়ায় তা না খেয়েই বিয়ে না করে বাড়ি ফিরে গেছেন বর। বরপক্ষের অভিযোগ, মিষ্টিতে বিষ মেশানো হয়েছিল। তবে এতে বিষের উপস্থিতি এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

স্থানীয় লোকজনের দাবি, বরকে পছন্দ হয়নি কনের। তাই বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) একই উপজেলার বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বিকেল ৩টার দিকে তাওফিকুরকে নিয়ে তাঁরা কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও সেখানে উপস্থিত ছিলেন। সন্ধ্যার আগে বরযাত্রীরা খাবার খাচ্ছিলেন। এ সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে জানান, সেগুলো শুধু বরই খাবেন, অন্য কেউ নয়।

বজলুর রহমানের ভাষ্য, ‘মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে বিষের গন্ধ পান। বিষয়টি জানালে আমরা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করি। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পাই। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যান।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানান। এ ঘটনায় আমরা ভয় পেয়ে যাই এবং দ্রুত বরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। পরে আমরা বাড়ি ফিরে আসায় বিয়ে আর হয়নি। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে তাওফিকুর রহমান নামের এক যুবক হাসপাতালে আসেন। তাঁর স্বজনদের দাবি ছিল, বিয়ের অনুষ্ঠানে তাঁকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। এ সময় তিনি ভীত ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেছেন। তবে মিষ্টিতে সত্যিই বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনার পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার জানান, বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীর মাধ্যমে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন—এমন অভিযোগ তিনি শুনেছেন। তবে নিজে ঘটনার সত্যতা যাচাই করতে পারেননি।

অন্যদিকে, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই। এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD