বিয়ের আগে হারাম সম্পর্কে জড়ালে যেভাবে করবেন খাঁটি তওবা

বিয়ের আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া কিংবা ইসলামের নিষিদ্ধ সীমা অতিক্রম করার পর অনেকেই অনুশোচনায় ভোগেন। পরবর্তী সময়ে দ্বীনের পথে ফিরে আসতে চাইলেও অতীতের ভুল নিয়ে মনে নানা প্রশ্ন তৈরি হয়।
বিজ্ঞাপন
তবে ইসলামে আন্তরিক তওবার মাধ্যমে পাপ থেকে ফিরে আসার সুযোগ রয়েছে। এজন্য প্রয়োজন অনুশোচনা, গুনাহ পরিত্যাগ এবং ভবিষ্যতে একই ভুল না করার দৃঢ় প্রতিজ্ঞা।
ইসলামি নির্দেশনা অনুযায়ী, নারী-পুরুষের মধ্যে কামনাপ্রবণ কথাবার্তা, নির্জনে সাক্ষাৎ, অনৈতিক ঘনিষ্ঠতা ও শারীরিক স্পর্শের মতো আচরণ থেকে বিরত থাকা জরুরি। এ ধরনের কাজের মাধ্যমে মানুষ ধীরে ধীরে নিষিদ্ধ সম্পর্কের দিকে এগিয়ে যেতে পারে। তাই নিজের ঈমান ও নৈতিকতা রক্ষায় এসব বিষয় থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
অতীতের গুনাহ থেকে ক্ষমা পেতে যা করবেন
বিজ্ঞাপন
ইসলামে তওবায়ে নাসুহা বা আন্তরিক তওবার কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। অতীতের ভুল থেকে ফিরে আসতে সেগুলো মেনে চলা প্রয়োজন।
১. ভুলের জন্য আন্তরিক অনুশোচনা
অতীতে যে কাজটি আল্লাহর বিধানের পরিপন্থী ছিল, সে বিষয়ে অন্তর থেকে অনুতপ্ত হতে হবে। নিজের ভুল উপলব্ধি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। তওবার অন্যতম প্রধান শর্ত হলো গুনাহের জন্য আন্তরিক অনুশোচনা।
বিজ্ঞাপন
২. গুনাহের কাজ অবিলম্বে পরিত্যাগ
যে সম্পর্ক বা আচরণ গুনাহের কারণ হয়ে দাঁড়িয়েছে, তা থেকে ফিরে আসতে হবে। শুধু মুখে ক্ষমা চাইলেই হবে না; বাস্তব জীবনেও নিষিদ্ধ কাজ বন্ধ করতে হবে।
৩. ভবিষ্যতে একই ভুল না করার সংকল্প
বিজ্ঞাপন
আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে আর কখনো এ ধরনের গুনাহে জড়াবেন না। নিজের সিদ্ধান্তে অটল থাকার পাশাপাশি যেসব পরিস্থিতি আবারও ভুলের দিকে নিয়ে যেতে পারে, সেগুলো এড়িয়ে চলতে হবে।
৪. আল্লাহর কাছে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া
তওবার নিয়তে দুই রাকাত নফল সালাত আদায় করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যেতে পারে। নিজের ভুল স্বীকার করে বিনয়ের সঙ্গে দোয়া করতে হবে। তবে দুই রাকাত সালাত আদায় করাই তওবার একমাত্র শর্ত নয়; আন্তরিক অনুশোচনা ও গুনাহ পরিত্যাগই মূল বিষয়।
বিজ্ঞাপন
৫. বেশি বেশি ইস্তিগফার করা
নিয়মিত ‘আস্তাগফিরুল্লাহ’ পাঠ এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি সালাত, সিয়াম, দান-সদকা ও অন্যান্য নেক আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে।
অতীতের সম্পর্কের কথা স্বামী বা স্ত্রীকে জানানো কি জরুরি?
বিজ্ঞাপন
ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহর বক্তব্য অনুযায়ী, বিয়ের আগে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকলে অতীতের সেই বিষয়টি বর্তমান স্বামী বা স্ত্রীকে নতুন করে জানানো শ্রেয় নয়। কারণ এতে দাম্পত্য জীবনে অপ্রয়োজনীয় সন্দেহ, ভুল বোঝাবুঝি ও অশান্তি তৈরি হতে পারে। অতীতের গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করে ফিরে আসাই গুরুত্বপূর্ণ।
তবে কারও অধিকার নষ্ট হয়ে থাকলে কিংবা বর্তমান দাম্পত্য জীবনে সরাসরি প্রভাব ফেলে এমন কোনো বিষয় থাকলে সেটি আলাদা বিবেচনার বিষয়।
নারী-পুরুষ উভয়কেই দৃষ্টি সংযত রাখার নির্দেশ
বিজ্ঞাপন
পবিত্র কোরআনে নারী ও পুরুষ উভয়কে দৃষ্টি সংযত রাখা এবং নিজেদের পবিত্রতা রক্ষার নির্দেশ দিয়েছেন মহান আল্লাহ।
পুরুষদের উদ্দেশে পবিত্র কোরআনে বলা হয়েছে:
‘(হে রাসুল! আপনি) মুমিনদেরকে বলুন, তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এতে তাদের জন্য খুব পবিত্রতা রয়েছে। নিশ্চয় তারা যা করে আল্লাহ তাআলা সে ব্যাপারে খবর রাখেন।’
বিজ্ঞাপন
(সুরা নুর, আয়াত: ৩০)
অন্যদিকে নারীদের উদ্দেশে সুরা নুরের ৩১ নম্বর আয়াতে দৃষ্টি সংযত রাখা, লজ্জাস্থানের হেফাজত করা এবং শালীনতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই আয়াতের শেষাংশে আল্লাহ বলেন, ‘মুমিনগণ! তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কর; যাতে তোমরা সফলকাম হতে পার।’
এ ছাড়া সুরা ইসরার ৩২ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, ‘আর জেনার কাছেও যেয়ো না। নিশ্চয় এটা অশ্লীল কাজ এবং মন্দ পথ।’
বিজ্ঞাপন
হারাম সম্পর্কে জড়ালে কি সব নেক আমল নষ্ট হয়ে যায়?
বিয়ের আগে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়া গুনাহের কাজ হলেও এর কারণে একজন মানুষের সব নেক আমল স্বয়ংক্রিয়ভাবে নষ্ট হয়ে যায়—এমন ধারণা সঠিক নয়। এ ধরনের গুনাহকে শিরক বা কুফরের সঙ্গে এক করে দেখার সুযোগ নেই।
কেউ এ ধরনের সম্পর্কে জড়িয়ে পড়লেও তার সালাত, সিয়াম, দান-সদকা, দোয়া ও কোরআন তিলাওয়াত ছেড়ে দেওয়া উচিত নয়। বরং যথাযথ নিয়মে ইবাদত চালিয়ে যেতে হবে এবং আন্তরিকভাবে তওবা করতে হবে। আল্লাহর কাছে নেক আমল কবুল হওয়ার আশা রাখতে হবে।
বিজ্ঞাপন
আন্তরিক তওবার আহ্বান পবিত্র কোরআনে
মহান আল্লাহ মুমিনদের আন্তরিকভাবে তওবা করার নির্দেশ দিয়েছেন। সুরা তাহরিমের ৮ নম্বর আয়াতে বলা হয়েছে:
‘হে মুমিনগণ, তোমরা আল্লাহ তায়ালার কাছে তওবায়ে নাসূহা তথা আন্তরিক তওবা করো। আশা করা যায়, তোমাদের পালনকর্তা তোমাদের মন্দ কর্মসমূহ মোচন করে দেবেন এবং তোমাদেরকে দাখিল করবেন জান্নাতে, যার তলদেশে নদী প্রবাহিত।’
ইসলামের শিক্ষা অনুযায়ী, অতীতের ভুলের কারণে হতাশ হয়ে ইবাদত থেকে দূরে সরে যাওয়া উচিত নয়। বরং গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর রহমতের প্রতি আশাবাদী হতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে হারাম সম্পর্ক এড়িয়ে বৈধ বিবাহের মাধ্যমে পারিবারিক জীবন গড়ে তোলার চেষ্টা করতে হবে।







