২০২৭ সালের হজে বর্ধিত কোটায় নিবন্ধন শুরু, সময় মাত্র ৭ দিন

২০২৭ সালের হজে বাংলাদেশের বর্ধিত কোটা এবং সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটায় নতুন করে প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ২২ নভেম্বর পর্যন্ত। তবে নির্ধারিত কোটা পূরণ হয়ে গেলে মেয়াদ শেষ হওয়ার আগেই নিবন্ধন বন্ধ করে দেওয়া হবে।
বিজ্ঞাপন
সোমবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত ২৬ সেপ্টেম্বর ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম শেষ হয়েছিল। ওই বছর বাংলাদেশের জন্য ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রীর কোটা অনুমোদন করেছিল সৌদি আরব।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরবর্তী সময়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বাড়ানোর অনুমতি দেয় সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনার অব্যবহৃত কোটাতেও হজযাত্রী পাঠানোর সুযোগ রয়েছে। এসব আসন পূরণ করতেই নতুন করে প্রাথমিক নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৭ সালে হজে যেতে আগ্রহী ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংক এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। বর্ধিত ও অব্যবহৃত কোটা পূর্ণ হলেই নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
নতুন করে প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের নির্বাচিত প্যাকেজের অবশিষ্ট অর্থ জমা দিয়ে আগামী ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাকি টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন না করলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রাথমিক নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।








